মহাসমাবেশ ঠেকাতে ব্যর্থ হয়ে এবার ১৩ দফার আন্দোলনকে বাধাগ্রস্ত করার লক্ষ্যে একটি মহল দেশের কর্মজীবী নারীদের ঢাল হিসেবে ব্যবহারের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।গতকাল বুধবার সংগঠনের ঢাকা মহানগর কমিটির প্রচার বিভাগের প্রধান মাওলানা আহলুল্লাহ ওয়াছেল এক বিবৃতিতে এ অভিযোগ করেন। বিবৃতিতে বলা হয়, হেফাজতে ইসলামের ১৩ দফার ভুল ব্যাখ্যা করে কর্মজীবী নারী, বিশেষ করে পোশাক কারখানার নারী শ্রমিকদের উত্তেজিত করে ইসলামবিদ্বেষী একটি গোষ্ঠী ঢাকায় সমাবেশের আয়োজন করছে। তাঁদের বোঝানো হচ্ছে, এসব দাবি বাস্তবায়িত হলে নারীরা কর্মস্থলে যেতে পারবেন না, তাঁদের চাকরি থাকবে না। অথচ হেফাজতের দাবিতে এসব কিছু নেই। বরং হেফাজত নারীর শালীন, সুন্দর ও নিরাপদ কর্মস্থল চায়। যেসব সংগঠন ও ব্যক্তি নারীকে পণ্য হিসেবে ব্যবহার করে নিজেদের স্বার্থসিদ্ধিতে মাতোয়ারা হয়েছে, সেসবের প্রতিবাদ করছে হেফাজত। যারা নারীকে কেবল ভোগের বস্তু হিসেবে দেখতে অভ্যস্ত, তাদের কাছে ইসলামপ্রদত্ত নারীর স্বাধীনতা ও মর্যাদা গাত্রদাহের কারণ। বিবৃতিতে উল্লেখ করা হয়, এ জন্য হেফাজতের ১৩ দফা দাবির ৮ নম্বরে নারীর শিক্ষা, স্বাস্থ্য, সম্মানজনক জীবিকা ও ইজ্জত-আব্রুর নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সব ধরনের বেহায়াপনা, অনাচার, ব্যভিচার, প্রকাশ্যে নারী-পুরুষের অবাধ ও অশালীন মেলামেশা, যৌন হয়রানি, নারীর বিরুদ্ধে সর্বপ্রকার সহিংসতা, যৌতুকপ্রথাসহ যাবতীয় নারী নির্যাতনমূলক ব্যবস্থা কঠোরভাবে দমন করার দাবি জানানো হয়েছে।বিবৃতিতে নারী সমাজকে ইসলামি অনুশাসনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে উন্নতির পাশাপাশি সুন্দর জীবন উপভোগ করার আহ্বান জানানো হয়।