কর্মজীবী মহিলা হোস্টেলে থাকেন ছাত্রীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার কর্মজীবী মহিলা হোস্টেলে ১২ জন কর্মচারী দীর্ঘদিন ধরে নিয়মিত বেতন-ভাতা পাচ্ছেন না। উদ্বোধনের তিন বছরের মধ্যে প্রকল্পটি সরকারীকরণের কথা থাকলেও গত ২০ বছরে তা করা হয়নি। ‘আয়ের মাধ্যমে ব্যয় নির্বাহ করতে হবে’ মহিলাবিষয়ক অধিদপ্তরের এ রকম নির্দেশনার পর এক প্রকার অভিভাবকহীন হয়ে পড়েছে খুলনা নগরের বয়রা কর্মজীবী মহিলা হোস্টেলটি। বর্তমানে হোস্টেলটিতে ১৫০টি আসনের মধ্যে ১৩০টিতে ছাত্রীরা থাকেন। সহকারী হোস্টেল সুপার হাসনা হেনা প্রথম আলোকে বলেন, ‘বাধ্য হয়ে কর্মজীবী মহিলা হোস্টেলে ছাত্রীদের থাকতে দিতে হচ্ছে। কারণ তাঁদের দেওয়া ভাড়া হোস্টেলের একমাত্র আয়ের পথ। বিবাহিত ও কর্মজীবীদের সঙ্গে থাকায় ছাত্রীদের মানসিকতার ওপর বাড়তি চাপ পড়ে। এ ছাড়া কোনো উপায়ও নেই।’ হোস্টেলের বাসিন্দা কলেজছাত্রী সুবর্ণা জানান, এ হোস্টেলে স্বল্পমূল্যে থাকা-খাওয়ার সুব্যবস্থার কথা বলা হলেও তা হচ্ছে না। তিনজনের এক কক্ষের জন্য প্রত্যেককে ভাড়া ও বিদ্যুত্ বিল বাবদ মাসে প্রায় সাড়ে ৫০০ টাকা দিতে হচ্ছে। চারজনের কক্ষের প্রত্যেককে দিতে হয় প্রায় ৫০০ টাকা। খাওয়ার জন্য দিনে ৪৭ টাকা হিসেবে মাসে প্রায় এক হাজার ৪০০ টাকা দিতে হয়।খুলনার সূর্যের হাসি ক্লিনিকে কর্মরত সাবরিনা জাহান জানান, হোস্টেলে বাথরুম ও অন্যান্য সুযোগ-সুবিধার অভাব রয়েছে। পর্যাপ্ত বাথরুমের অভাবে ভোর থেকেই লাইনে দাঁড়াতে হয়। কিন্তু তার পরও হোস্টেলে থাকতেই প্রত্যেককে মাসিক আয়ের একটা বড় অংশ দিতে হয়। হোস্টেলের আয়া ও বাবুর্চি বৃদ্ধ সুফিয়া জানান, মাসে তিন হাজার টাকা বেতন-ভাতা পান তিনি। তাও সব মাসে পান না। কর্তৃপক্ষ বেতনের ৭০ শতাংশ দেয়। হোস্টেল কর্তৃপক্ষ জানায়, ১৯৮৭ সালে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে তিন বছর মেয়াদি প্রকল্পের আওতায় খুলনা নগরের বয়রায় কর্মজীবী মহিলা হোস্টেলটি স্থাপিত হয়। সে সময় বলা হয়েছিল, প্রকল্পের মেয়াদ শেষ হলে তা সরকারীকরণ করা হবে। কিন্তু আজও তা হয়নি। ২০০৬ সালে তত্কালীন খুলনা জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা ফিরোজা বেগম হোস্টেলটি সরকারীকরণের জন্য চিঠি দেন। জবাবে মহিলাবিষয়ক অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক নূরুল কবির সিদ্দিক হোস্টেলটিতে রাজস্ব পদ সৃষ্টির প্রস্তাব পেশ করতে বলেন। সে অনুযায়ী, হোস্টেল সুপার (অতিরিক্তি দায়িত্ব) ও খুলনা জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা নার্গিস ফাতেমা ১২ জনের পদ সৃষ্টির লিখিত প্রস্তাব দেন। এরপর এ ব্যাপারে আর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। সহকারী হোস্টেল সুপার হাসনা হেনা বলেন, ‘সর্বশেষ অধিদপ্তর থেকে জানানো হয়েছে, আয়ের মাধ্যমে ব্যয় নির্বাহ করতে হবে।’