আগামী রোববার থেকে সাপ্তাহিক কর্মদিবসে গুলিস্তান, পল্টন, মতিঝিল ও আশপাশের এলাকার ফুটপাত ও সড়কে হকাররা পণ্য নিয়ে বসতে পারবেন না। তবে তাঁরা কর্মদিবসে সন্ধ্যা সাড়ে ছয়টার পর বসবেন।
গতকাল বুধবার দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর ভবনে এক মতবিনিময় সভায় এই ঘোষণা দেন ডিএসসিসির মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। ‘হকার্স পুনর্বাসন ও হলিডে মার্কেট চালু’বিষয়ক এই সভার আয়োজন করে ডিএসসিসি। এতে বিভিন্ন হকার সমিতির নেতা, স্থানীয় জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন৷
সাঈদ খোকন বলেন, রাস্তা ও ফুটপাতে পথচারী চলাচল নির্বিঘ্ন করতে উচ্চ আদালতের নির্দেশনা রয়েছে৷ শহরের সব সড়ক ও ফুটপাত পর্যায়ক্রমে হকারমুক্ত করা হবে৷ আগামী রোববার থেকে গুলিস্তান, মতিঝিল, পল্টন, জিরো পয়েন্ট, বায়তুল মোকাররম এলাকায় ফুটপাত ও সড়কে সন্ধ্যা সাড়ে ছয়টার আগে কেউ পণ্য নিয়ে বসলে, তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ওই দিন ঢাকা মহানগর পুলিশের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবেন ডিএসসিসির ম্যাজিস্ট্রেট। নগরবাসীর যাতায়াত সহজ করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মেয়র বলেন, ‘যাঁরা তালিকাভুক্ত হকার, তাঁরা যদি পেশা পরিবর্তন করে চাকরি বা বিদেশ যেতে চান, তাঁরা আমাদের কাছে আবেদন করতে পারেন। সরকার বা প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ-আলোচনা করে আমরা তাঁদের সহযোগিতা করব।’
সভায় লাইনম্যানদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান বাংলাদেশ হকার্স ফেডারেশনের সভাপতি এম এ কাশেম। তিনি বলেন, ১০০ জন হকারের জন্য একজন করে লাইনম্যান নিয়োগ করেছে প্রশাসনের লোকজন৷ তাঁরা হকারদের কাছ থেকে চাঁদা আদায় করছেন। এসব লাইনম্যানই হকারদের হলিডে মার্কেটে যেতে বাধা দিচ্ছেন। শিগগিরই এই লাইনম্যানদের তালিকা ডিএসসিসির মেয়রের কাছে জমা দেওয়া হবে৷ এ সময় মেয়র বলেন, লাইনম্যান নামধারীরা বড় চাঁদাবাজ। তালিকা অনুযায়ী এই চাঁদাবাজদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সভায় হকারদের আগে পুনর্বাসন করে পরে উচ্ছেদ বা অন্য সিদ্ধান্ত নেওয়ার দাবি জানিয়েছেন হকার নেতারা। বাংলাদেশ জাতীয় হকার্স লীগের সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম বলেন, ‘ডিএসসিসি এলাকায় পাঁচ থেকে ছয় লাখ হকার রয়েছেন। আমরাও চাই রাস্তায় কোনো হকার বসবে না। ফুটপাতে কিছু জায়গা দিতে হবে।’
সপ্তাহে এক দিন হলিডে মার্কেট নির্ধারণ করেছে ডিএসসিসি। কিন্তু সপ্তাহের বাকি দিনগুলোতে হকাররা কেমনে চলবেন, এমন প্রশ্ন তোলেন এক হকার নেতা। এ সময় মেয়র বলেন, শুক্রবারের পাশাপাশি শনিবারও হলিডে মার্কেট চালু করা যায়। এ ক্ষেত্রে শনিবার যেসব এলাকায় অফিস-আদালত ছুটি, সেই এলাকায় হলিডে মার্কেট চালু করা যেতে পারে।
মতবিনিময় সভায় ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবদুল ওহাব ভূঁইয়া, ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (ট্রাফিক) মফিজ উদ্দিন আহমেদ, প্রধান সম্পত্তি কর্মকর্তা কামরুল ইসলাম চৌধুরী, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এম কে বখতিয়ার প্রমুখ উপস্থিত ছিলেন।