বাংলাদেশের শ্রমিকদের সব ধরনের সুবিধা ও অধিকার সুরক্ষায় ‘বাংলাদেশ কর্মপরিকল্পনা-২০১৩’ পুরোপুরি বাস্তবায়নের ওপর জোর তাগিদ দিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের অগ্রাধিকারমূলক বাজারসুবিধা (জিএসপি) পুনর্বহালে ওই কর্মপরিকল্পনা পূর্ণ বাস্তবায়ন জরুরি বলে তারা মনে করে।
ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম জিয়াউদ্দিনের সঙ্গে বৈঠকে মার্কিন বাণিজ্য প্রতিনিধি মাইকেল ফ্রোম্যান এ অভিমত দেন। গতকাল বৃহস্পতিবার ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ বিষয়টি উল্লেখ করা হয়েছে। গত বুধবার মার্কিন বাণিজ্য প্রতিনিধির সঙ্গে রাষ্ট্রদূত দেখা করেন।
প্রসঙ্গত, তৈরি পোশাক কারখানার কাজের পরিবেশ ও শ্রমিকের স্বার্থ নিয়ে উদ্বেগের পরিপ্রেক্ষিতে ২০১৩ সালের ২৭ জুন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা জিএসপি স্থগিত করেন। জিএসপি ফিরে পেতে হলে বাংলাদেশের জন্য পরের মাসে ১৬ দফার ‘বাংলাদেশ কর্মপরিকল্পনা-২০১৩’ ঘোষণা করে মার্কিন বাণিজ্য দপ্তর।
গত বুধবার ওয়াশিংটনের বৈঠকে জিএসপি পর্যালোচনা, বাণিজ্য ও বিনিয়োগসংক্রান্ত আলোচনা হয়। জিএসপি পুনর্বহালের পূর্বশর্ত বাংলাদেশ কর্মপরিকল্পনা-২০১৩ সম্পর্কে জিয়াউদ্দিন বলেন, কর্মপরিকল্পনার অধিকাংশ শর্ত সংশ্লিষ্ট পক্ষগুলোকে নিয়ে ইতিমধ্যে বাস্তবায়িত হয়েছে। অবশিষ্ট শর্তও বাস্তবায়নের বিভিন্ন পর্যায়ে রয়েছে। স্বল্পতম সময়ে বাংলাদেশের এ অগ্রগতিকে বিবেচনায় নিয়ে জিএসপি পর্যালোচনার বিষয়টি সহানুভূতির সঙ্গে দেখতে বাণিজ্য প্রতিনিধিকে অনুরোধ করেন তিনি। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত ও কোটামুক্ত প্রবেশাধিকার দেওয়ার ওপরও তিনি গুরুত্ব আরোপ করেন।
মাইকেল ফ্রোম্যান নিজ দেশের আইনের আলোকে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং তাঁদের অধিকার সুরক্ষায় বাংলাদেশের নেওয়া অনেকগুলো ইতিবাচক পদক্ষেপের বিষয়টি স্বীকার করেন। তবে তিনি শ্রমিকদের সব সুবিধা ও অধিকার সুরক্ষায় কর্মপরিকল্পনা-২০১৩-এর পূর্ণ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। বাংলাদেশে ন্যায্য শ্রম অধিকার চর্চার ওপরও গুরুত্ব দেন তিনি।