শ্রমিক নেতাদের সঙ্গে জিএসপি তথ্যানুসন্ধানী দলের বৈঠক
কর্মপরিবেশ উন্নত, জটিলতা ট্রেড ইউনিয়ন নিয়ে
গত আড়াই বছরে দেশের তৈরি পোশাক কারখানার কর্মপরিবেশ উন্নত হয়েছে। এ ক্ষেত্রে কারখানা কর্তৃপক্ষ আগের চেয়ে সচেতন হয়েছে। তবে কারখানা পর্যায়ে ট্রেড ইউনিয়ন করতে পোশাকশ্রমিকদের এখনো হয়রানির মুখে পড়তে হচ্ছে।
আসছে নভেম্বরে বাংলাদেশের পণ্য রপ্তানিতে বাজারসুবিধা বা জিএসপি পুনর্বহালের শুনানির আগে সরেজমিন পরিস্থিতি দেখতে গত শনিবার পাঁচ দিনের সফরে এসেছে যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধিদল। গতকাল রোববার প্রতিনিধিদলটি পোশাক খাত-সংশ্লিষ্ট কয়েকটি ফেডারেশন ও কারখানা পর্যায়ে (ইপিজেডের ভেতরের ও বাইরের) ট্রেড ইউনিয়ন করেন এমন ১৫-২০ জন পোশাকশ্রমিকের সঙ্গে বৈঠক করে। এ সময় পোশাকশ্রমিক ও ফেডারেশনের নেতারা কারখানার কর্মপরিবেশ ও ট্রেড ইউনিয়ন নিয়ে এসব কথা বলেন।
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি মাইকেল জে ডিলেনি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। প্রতিনিধিদলটি রাতে রাজধানীর একটি অভিজাত হোটেলে পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর কয়েকজন নেতার সঙ্গে নৈশভোজ সভা করে।
রাজধানীর গুলশানের সলিডারিটি সেন্টারে শ্রমিক নেতাদের বৈঠকে উপস্থিত ছিলেন ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্সের সভাপতি রায় রমেশ চন্দ্র, বাংলাদেশ সেন্টার ফর ওয়ার্কার্স সলিডারিটির নির্বাহী পরিচালক কল্পনা আক্তার, জাতীয় গার্মেন্টস শ্রমিক কর্মচারী লীগের সভাপতি সিরাজুল ইসলাম, বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সভাপতি বাবুল আখতার, সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক নাহিদুল হাসান প্রমুখ।
সূত্র জানায়, একজন ছাড়া সব পোশাকশ্রমিকই কারখানার কর্মপরিবেশ উন্নত হয়েছে বলে প্রতিনিধিদলটিকে জানান। শ্রমিকেরা বলেন, কারখানা কর্তৃপক্ষ এখন আগের চেয়ে বেশি সচেতন। তবে শ্রমিকেরা অভিযোগ করেন, যাঁরা কারখানায় ইউনিয়ন করেন, তাঁদের নানাভাবে হয়রানির শিকার হতে হয়। অন্যদিকে ফেডারেশনের নেতারাও কর্মপরিবেশ আগের চেয়ে উন্নত হয়েছে বলে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলকে জানান। একই সঙ্গে তাঁরা মূলধারার ফেডারেশনগুলো ট্রেড ইউনিয়ন নিবন্ধন পাচ্ছে না বলে অভিযোগ করেন। তাঁরা জানান, কারা ইউনিয়নের নিবন্ধন পাচ্ছে, সেটি জানানো হয় না। অধিকাংশ ইউনিয়নই মালিক তাঁদের পছন্দের লোকজদের দিয়ে করাচ্ছেন।
জানতে চাইলে রায় রমেশ চন্দ্র প্রথম আলোকে বলেন, ‘আমি প্রতিনিধিদলকে বলেছি, তোমরা যেভাবে জিএসপি স্থগিত করেছে, সেটি আমরা সমর্থন করি না। শ্রমমান কার্যকরভাবে উন্নত করতে হলে তোমাদের জিএসপি-সুবিধা ফিরিয়ে দিতে হবে। এমনকি সেটি পোশাক, চামড়া ও ওষুধ শিল্পেও দিতে হবে। তাহলেই শ্রমিকেরা আরও বেশি লাভবান হবেন।’
জিএসপি ফিরিয়ে দেওয়ার বিষয়ে প্রতিনিধিদলের বক্তব্য কী, জানতে চাইলে কল্পনা আক্তার বলেন, ‘প্রতিনিধিদলটি বিভিন্ন বিষয় অনুসন্ধান করতে এসেছে। সেটি উল্লেখ করে মাইকেল ডিলেনি বলেন, “আমরা এখনই বাংলাদেশ সরকার ও তোমাদের বলতে পারব না যে জিএসপি ফেরত দেওয়া হবে কি না। এটি একটি প্রক্রিয়ার মধ্যে আছে। এটি পুরোপুরি মার্কিন সরকারের ব্যাপার।”’
রাতে বিজিএমইএর নেতাদের সঙ্গে বৈঠকের বিষয়ে জানতে চাইলে বিজিএমইএর সহসভাপতি শহিদউল্লাহ আজিম প্রথম আলোকে বলেন, ‘আমরা প্রতিনিধিদলকে পোশাকের দাম বাড়ানোর বিষয়ে অবহিত করেছি। তারা আমাদের কাছ থেকে পোশাকের উৎপাদন খরচের একটি তালিকা নিয়ে গেছে।’ শ্রমিক নেতাদের বৈঠকের বিষয়ে তিনি বলেন, ‘প্রতিনিধিদলটি আমাদের জানিয়েছে যে শ্রমিক নেতাদের সঙ্গে তারা কথা বলেছে। তবে ট্রেড ইউনিয়ন নিয়ে নেতিবাচক কিছু তারা আমাদের বলেনি।’