বাংলাদেশের পোশাক তৈরির কারখানার কর্মপরিবেশের মানোন্নয়নে ইতিবাচক পরিবর্তন দেখতে চান বাণিজ্য অংশীদারেরা। আগামী এক বছরে ক্রেতারা কর্মপরিবেশের গুণগত পরিবর্তন দেখতে পাবেন। পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি গতকাল বৃহস্পতিবার মার্কিন কংগ্রেসে বাংলাদেশ ককাসের কো-চেয়ার জোসেফ ক্রাউলির কাছে এ আশাবাদের কথা জানিয়েছেন। গতকাল ওয়াশিংটনে তাঁদের এ বৈঠকটি হয়। একই দিন আমেরিকান অ্যাপারেল অ্যান্ড ফুটওয়্যার অ্যাসোসিয়েশনের (এএএফএ) একটি প্রতিনিধিদল পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেন। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সংস্থার সভাপতি ও প্রধান নির্বাহী কর্মকর্তা কেভিন এম বার্ক। পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল এক বিজ্ঞপ্তিতে ওয়াশিংটনে পররাষ্ট্রমন্ত্রীর এসব বৈঠকের খবর জানিয়েছে। জোসেফ ক্রাউলির সঙ্গে বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ তৈরিতে বাংলাদেশ সরকার দৃঢ়প্রতিজ্ঞ। তাই কারখানার কর্মপরিবেশ উন্নতির লক্ষ্যে সরকার এ খাতের সংশ্লিষ্ট সবাইকে নিয়ে কাজ করছে। মন্ত্রিসভায় সম্প্রতি বাংলাদেশের শ্রম আইন-২০০৬-এর সংশোধনী অনুমোদন করা হয়েছে, যা সংসদের আগামী বাজেট অধিবেশনে উত্থাপিত হতে যাচ্ছে। দীপু মনি বলেন, শ্রমিকদের কল্যাণের প্রক্রিয়া ও কর্মপরিবেশের উন্নতির লক্ষ্যে ন্যায়সংগত মজুরি দেওয়া ও ক্রেতাদের দায়িত্ব পালন করাটা খুবই গুরুত্বপূর্ণ।