বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের কর্মপরিষদ ছাত্র সংসদের গঠনতন্ত্র পরিপন্থী ও অবৈধ দাবি করে তা বাতিলের দাবি জানিয়েছে ওই কলেজ শাখা ছাত্রলীগের একাংশ। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে চারটায় নগরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে তারা ওই দাবি জানায়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, কলেজের ছাত্র সংসদের গঠনতন্ত্রের ৪(ক) ধারা অনুযায়ী কোনো অনিয়মিত ছাত্র (বাকসু) ছাত্র সংসদের কোনো সদস্য হওয়ার যোগ্যতা রাখে না। কিন্তু ঘোষিত কর্মপরিষদের সহসভাপতি ও সাধারণ সম্পাদক স্নাতকোত্তর সম্পন্ন। সে অনুযায়ী তাঁদের ছাত্রত্ব নেই। তা ছাড়া সহসভাপতি মঈন তুষারকে বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটে একটি সংঘর্ষের ঘটনায় গত বছর মহানগর ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়। কাজেই তিনি ছাত্রলীগের কেউ নন।লিখিত বক্তব্য পাঠ করেন কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মাকসুদ আলম। উপস্থিত ছিলেন অপর যুগ্ম আহ্বায়ক মো. রফিক সেরনিয়াবাত, মহানগর ছাত্রলীগের সাবেক আহ্বায়ক জিয়াউর রহমান, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, তৌহিদুল ইসলাম ছাবিদসহ শতাধিক নেতা-কর্মী।সংবাদ সম্মেলনে ছাত্রনেতারা বলেন, ক্যাম্পাসে সক্রিয় সব ছাত্র সংগঠন থেকে দুজন করে প্রতিনিধি নিয়ে প্রতিনিধি পরিষদ গঠনের রীতি থাকলেও সেখানে ভিপি ও জিএস পদ রাখার কোনো বিধান নেই। কিন্তু ঘোষিত কর্মপরিষদে সবার পদ বণ্টন করা হয়েছে। যা ছাত্র সংসদের গঠনতন্ত্র পরিপন্থী।ছাত্রনেতারা এই কর্মপরিষদ বাতিল করে অবিলম্বে সব সংগঠনের অংশগ্রহণের মাধ্যমে বিএম কলেজ ছাত্র সংসদের (বাকসু) শান্তিপূর্ণ নির্বাচন দাবি করেন। তাঁরা বলেন, দাবি মানা না হলে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। তাঁরা আইনিভাবে বিষয়টি মোকাবিলা করার ঘোষণা দেন।এ ব্যাপারে কলেজের অধ্যক্ষ ননী গোপাল দাস প্রথম আলোকে বলেন, অস্থায়ী ভিত্তিতে কাজ চালিয়ে নেওয়ার জন্য সংবিধান সংশোধন করে এই কর্মপরিষদ গঠন করা হয়েছে। নিয়মের বাইরে কিছুই করা হয়নি।কর্মপরিষদের সহসভাপতি ছাত্রলীগ কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক মঈন তুষার বলেন, স্নাতকোত্তর পরীক্ষা শেষ হলেও তিনি কলেজের নিয়মিত ছাত্র। বরং যাঁরা সংবাদ সম্মেলন করেছেন, তাঁরা বিএম কলেজের ছাত্র নন। এদিকে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন লিখিতভাবে প্রতিবাদ জানিয়ে তাদের প্রতিনিধিকে ওই পরিষদ থেকে প্রত্যাহার করে নিয়েছে। ছাত্রদলসহ অন্য সংগঠনগুলোর পক্ষ থেকেও এর প্রতিবাদ জানানো হয়েছে। ছাত্রদল আজ বুধবার দুপুর ১২টায় সংবাদ সম্মেলন করার ঘোষণা দিয়েছে। সাধারণ শিক্ষার্থীদের ছাত্র সংসদ নির্বাচনের দাবি উপেক্ষা করে কলেজের অধ্যক্ষ ননী গোপাল দাস গত সোমবার দুপুরে ২৬ সদস্যবিশিষ্ট কর্মপরিষদ ঘোষণা করেন এবং এর সদস্যদের শপথ পড়ান।