ব্রজমোহন কলেজের কর্মপরিষদ থেকে ছাত্রলীগ নেতাদের পদত্যাগ করার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ নেতারা। অবিবাহিত, প্রকৃত ছাত্র, বরিশালের স্থায়ী বাসিন্দা ও ২৯ বছর বয়সের শিক্ষার্থীরা জেলা ও মহানগর ছাত্রলীগের কমিটিতে স্থান পাবে বলে সিদ্ধান্ত হয়েছে। গত শুক্রবার ঢাকার খিলগাঁওয়ে একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত বৈঠক শেষে ওই সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আবুল হাসানাত আবদুল্লাহ, মহানগর কমিটির আহ্বায়ক সিটি মেয়র শওকত হোসেন হিরণ, জেলার দপ্তর সম্পাদক ও সাংসদ তালুকদার মো. ইউনুস প্রমুখ।সাংসদ তালুকদার মো. ইউনুস গতকাল শনিবার বলেন, নিয়ম-বহির্ভূতভাবে বরিশাল ব্রজমোহন কলেজে কর্মপরিষদ গঠন করা হয়েছে। আওয়ামী লীগ ওই পরিষদ মানে না ও সমর্থনও করে না। পরিষদের দায়দায়িত্বও আওয়ামী লীগ নেবে না। যারা ওই কর্মপরিষদের সঙ্গে থাকবে তারা ভবিষ্যতে ছাত্রলীগের কমিটিতে আসার সুযোগ পাবে না।সভায় উপস্থিত জেলা ছাত্রলীগের আহ্বায়ক মিলন ভূঁইয়া বলেন, নতুন জেলা ও মহানগর কমিটি গঠনের লক্ষ্যে অবিবাহিত, ২৯ বছর বয়সী প্রকৃত ছাত্রদের জীবনবৃত্তান্ত শনি ও রোববারের মধ্যে জমা দিতে হবে। যারা এই প্রক্রিয়ার সঙ্গে থাকবে না তারা ছাত্রলীগের নতুন কমিটিতে থাকার সুযোগ পাবে না। এ ব্যাপারে ব্রজমোহন কলেজের কর্মপরিষদের সহসভাপতি মঈন তুষার বলেন, ‘আমাদের অভিভাবক আবুল হাসানাত আবদুল্লাহ ও শওকত হোসেন হিরণ যদি নির্দেশ দেন, আমরা তা মেনে নেব।’