ঘাট শ্রমিকদের কর্মবিরতি অব্যাহত থাকায় গতকাল শুক্রবারও কর্ণফুলী নদীর ঘাটগুলোতে লাইটার জাহাজ থেকে পণ্য খালাস হয়নি। মজুরি বাড়ানোর দাবিতে বৃহস্পতিবার সকাল আটটা থেকে শ্রমিকেরা কর্মবিরতি শুরু করেন। তবে আজ শনিবারের মধ্যে সমস্যার সমাধান হবে বলে আশা করছে ঘাট ঠিকাদার সমিতি। ঘাট শ্রমিকেরা বলছেন, প্রতিশ্রুতি অনুযায়ী বর্ধিত মজুরি না দেওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে। চট্টগ্রাম ঘাট গুদাম শ্রমিক সংগ্রাম কমিটির সদস্যসচিব রাজা মিয়া বলেন, ‘আমরা মজুরি বাড়ানোসহ আট দফা দাবি জানিয়েছি। দাবি না মানা পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে।’ শ্রমিকদের কর্মবিরতির কারণে মোট ১৮টি জাহাজ থেকে পণ্য খালাস করা যাচ্ছে না বলে জানিয়েছে ঘাট ঠিকাদার সমিতি। সমিতির সভাপতি আবুল হাশেম বলেন, ‘আমদানিকারকেরা বর্ধিত মজুরি পরিশোধে সম্মত হলেই আমরা শ্রমিকদের দাবি মেনে নেব।’ কর্ণফুলী নদীতে ১৬টি ঘাট রয়েছে। এসব ঘাটে কর্মরত শ্রমিকদের ১ জুলাই থেকে বর্ধিত মজুরি দেওয়ার কথা।