কর্মবিরতি আজ শেষ, কাল ধর্মঘট শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদত্যাগের দাবিতে শিক্ষক সমিতি ও সাধারণ শিক্ষক ফোরামের ব্যানারে চলমান কর্মবিরতি আজ বৃহস্পতিবার শেষ হচ্ছে। শিক্ষক সমিতির ব্যানারে কাল শুক্রবার থেকে শুরু হচ্ছে ধর্মঘট। ক্লাস, প্রশাসনিক কর্মকাণ্ড ও বিশ্ববিদ্যালয়ের যানবাহন ধর্মঘটের আওতায় থাকবে।
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. শরীফ উদ্দিন বলেন, সমিতির সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী কাল থেকে ধর্মঘট শুরু হচ্ছে। প্রয়োজন হলে জরুরি সাধারণ সভার মাধ্যমে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।
বর্তমান পরিস্থিতিতে উপাচার্য আনোয়ার হোসেনের অবস্থান সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, সংসদীয় স্থায়ী কমিটির সঙ্গে আলোচনা অনুযায়ী আন্দোলন স্থগিত না করা হলে বিশ্ববিদ্যালয় সচল রাখের স্বার্থে তিনি কাজ করে যাবেন। কর্মবিরতির মধ্যেও শিক্ষক মঞ্চের শিক্ষক ও আন্দোলনের সঙ্গে যুক্ত নন—এমন শিক্ষকেরা ক্লাস-পরীক্ষা অব্যাহত রেখেছেন।
গতকাল বাংলা, ইংরেজি, ইতিহাস, ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগসহ কয়েকটি বিভাগে ক্লাস-পরীক্ষা হয়েছে।
গণমাধ্যমে ছাত্র ও শিক্ষকদের সম্পর্কে অনাকাঙ্ক্ষিত বক্তব্য দেওয়া, গত বছরের আগস্টের সন্ত্রাসী হামলার বিচার না হওয়াসহ ১৬টি অভিযোগ এনে উপাচার্যের পদত্যাগের দাবিতে প্রথমে শিক্ষক সমিতি এবং পরে সাধারণ শিক্ষক ফোরাম আন্দোলন শুরু করে।