কর্মবিরতি ঘোষণা শিক্ষক সমিতি ফেডারেশনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকীর হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচারসহ কয়েকটি দাবিতে কর্মবিরতিসহ প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন।
গতকাল বুধবার ফেডারেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। আগের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফেডারেশনের এক জরুরি সভায় এই কর্মসূচি ঠিক করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে ২ মে সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে কর্মবিরতি ও কালো ব্যাজ ধারণ এবং একই দিন দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে অবস্থান কর্মসূচি। ৩ মে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিবাদ কর্মসূচি পালন ও ৪ মে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া।
সভায় বলা হয়, ‘ধর্মান্ধ জঙ্গিবাদী গোষ্ঠী বারবার মুক্তচিন্তার ধারক ও বাহক এবং অসাম্প্রদায়িক বিশ্বাসীদের ওপর হামলা করছে। জঙ্গিবাদী গোষ্ঠীর এমন অনৈসলামিক ও নিষ্ঠুর কার্যক্রম বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।’