পুলিশের দুই কর্মকর্তাকে প্রত্যাহার, বিশ্ববিদ্যালয়ের বেদখল থাকা ১০টি হল উদ্ধার এবং শিক্ষক-শিক্ষার্থীদের আবাসনের ব্যবস্থা নিশ্চিত করাসহ বিভিন্ন দাবিতে গতকাল শনিবার দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। এতে গতকালও কোনো বিভাগে ক্লাস হয়নি। তবে পরীক্ষা এই কর্মসূচির আওতামুক্ত।
বিশ্ববিদ্যালয়সংলগ্ন ইসলামপুর এলাকায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও স্বতন্ত্র সাংসদ হাজি সেলিমের দখলে থাকা তিব্বত হল দখল করতে গেলে গত রোববার হামলা চালায় পুলিশ। এতে প্রায় ৩০০ জন শিক্ষক-শিক্ষার্থী আহত হন। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার (ডিসি) হারুন অর রশিদ ও কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামানকে প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে আন্দোলন করে আসছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।
হল দখলে যাবে সংগ্রাম পরিষদ: ক্যাম্পাসসংলগ্ন পাটুয়াটুলী এলাকায় বেদখলে থাকা আজমল হোসেন হল দখলমুক্ত করতে যাওয়ার ঘোষণা দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেদখল থাকা হল উদ্ধার সংগ্রাম পরিষদ। পরিষদের সদস্যসচিব সিরাজুল ইসলাম বলেন, আজ সকাল ১০টার দিকে আজমল হোসেন হল উদ্ধারে যাবেন শিক্ষার্থীরা। এতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতা কামনা করেন তিনি।
সংহতি প্রকাশ: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেদখলে থাকা হল উদ্ধার আন্দোলনে গতকাল শাহবাগে সংহতি সমাবেশ করে কেন্দ্রীয় প্রগতিশীল ছাত্রজোট। এতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, বুদ্ধিজীবী ও সাস্কৃতিক কর্মীরা সংহতি প্রকাশ করেন।