ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইকবাল হোসাইনের কক্ষে তালা লাগানোর প্রতিবাদে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকদের কর্মবিরতি গতকাল সোমবারও অব্যাহত ছিল। এ কারণে এখানে এসে রোগীরা চিকিৎসা না পেয়ে ফিরে গেছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, উপজেলায় স্বাস্থ্য সহকারী পদে চাকরি দেওয়ার নামে ১২ জনের কাছ থেকে সাবেক সিভিল সার্জন নারায়ণ চন্দ্র দাস ৩৬ লাখ টাকা নিয়েছেন বলে অভিযোগ রয়েছে।
গত ২৪ জুলাই নিয়োগ পরীক্ষার ফল প্রকাশিত হলে দেখা যায়, ওই ১২ জন চাকরি পাননি।
এ ঘটনায় নিয়োগবঞ্চিত ১২ জনের পক্ষ থেকে রাহাত সুলতানা ৩০ জুলাই সাবেক সিভিল সার্জনসহ চারজনের বিরুদ্ধে কসবা থানায় লিখিত অভিযোগ দেন।
গত ৩ আগস্ট নিয়োগ বাতিলের দাবিতে হাসপাতাল চত্বরে প্রতিবাদ সভা হয়। সভা থেকে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ঘুষ দিয়ে নিয়োগ পাওয়া ব্যক্তিদের গ্রহণ না করতে সতর্ক করে দেন বক্তারা।
কিন্তু তিন দিন ধরে নিয়োগ পাওয়া ব্যক্তিরা কাজ করছেন—এমন খবর পেয়ে গত রোববার বেলা সাড়ে ১১টার দিকে নিয়োগবঞ্চিত ব্যক্তিরা স্বাস্থ্য কর্মকর্তার কক্ষে তালা ঝুলিয়ে দেন। গতকালও ওই কক্ষে তালা ঝুলছিল। এর প্রতিবাদে গতকাল চিকিৎসকেরা চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখেন।
রাজনগর গ্রামের মাফিয়া খাতুন বলেন, ‘ডাক্তার দেখাইতে হাসপাতাল আইছালাম। আইয়্যা দেখি ডাক্তারা কোনো রোগী দেখে না। অত কষ্ট কইরা আইছি, অখন কী করাম।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইকবাল হোসাইন বলেন, তাঁর কার্যালয়ে তালা ঝুলিয়ে রাখার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলেও দ্বিতীয় দিনেও কোনো সিদ্ধান্ত দেওয়া হয়নি। তাই চিকিৎসকেরা তাঁদের কক্ষ বন্ধ করে কর্মবিরতিতে রয়েছেন। তবে জরুরি বিভাগ খোলা রয়েছে।
কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আরিফুল ইসলাম বলেন, ঘটনাটি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও সিভিল সার্জনকে জানানো হয়েছে। তাঁদের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।