কর্মবিরতি পালন করলেন ডিপ্লোমা প্রকৌশলীরা
বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পেশাজীবী-ছাত্র-শিক্ষক সংগ্রাম পরিষদের আহ্বানে পূর্ণদিবস কর্মবিরতি পালিত হয়েছে। গতকাল রোববার দেশব্যাপী বিভিন্ন প্রতিষ্ঠানের ডিপ্লোমা প্রকৌশলীরা এ কর্মসূচি পালন করেন।
ডিপ্লোমা প্রকৌশলীদের সুপারভাইজার করার গেজেট সংশোধনের দাবি জানিয়ে আসছেন ডিপ্লোমা প্রকৌশলীরা। তাঁরা বেতনবৈষম্য ও পেশাগত সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন, প্রকৌশলী সেবাকে ডেস্ক ও ফিল্ড ইঞ্জিনিয়ারিংয়ে ভাগ করারও দাবি জানিয়ে আসছেন। এসব দাবিতে ১৮ সেপ্টেম্বর এক দিনের গণছুটি পালন করবেন তাঁরা।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ডিপ্লোমা প্রকৌশলী সমিতি, বাংলাদেশ পলিটেকনিক শিক্ষক সমিতি, পানি উন্নয়ন বোর্ড ডিপ্লোমা প্রকৌশলী সমিতি, ঢাকা ওয়াসা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ পলিটেকনিক শিক্ষক সমিতি, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ডিপ্লোমা প্রকৌশলী সমিতি, সড়ক ও জনপথ ডিপ্লোমা প্রকৌশলী সমিতি ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ডিপ্লোমা প্রকৌশলী সমিতি নিজ নিজ প্রতিষ্ঠানে কর্মবিরতি ও বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে। বিজ্ঞপ্তি।