কর্মবিরতি পালন পৌর কর্মকর্তা-কর্মচারীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেতন-ভাতা ও পেনশনের টাকা সরকারি কোষাগার থেকে প্রদানের দাবিতে নারায়ণগঞ্জ, গাজীপুর ও মানিকগঞ্জে পৌর কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি কর্মসূচি পালন করেছেন। বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল বুধবার তাঁরা কর্মবিরতি পালন করেন।
নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পৌরসভা কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন।
ঢাকা বিভাগীয় পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক ও কাঞ্চন পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের সভাপতি মো. জাবেদ মিয়ার সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন পৌর মেয়র দেওয়ান আবুল বাশার, সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন, পৌর সচিব এ টি এম নুরে আলম সিদ্দিকী প্রমুখ।
গাজীপুরের কালীগঞ্জে পৌর কর্মকর্তা-কর্মচারীরাও বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিরতি কর্মসূচি পালন করেন। কর্মসূচি চলাকালে তাঁরা ‘সরকারি কোষাগার থেকে বেতন-ভাতা ও পেনশন দিতে হবে’ এবং ‘এক দেশে দুই নীতি, মানি না মানব না’ বলে স্লোগান দেন। পৌরসভার সামনে কর্মবিরতি কর্মসূচি পালন করা হয়। এতে পৌর মেয়র ও কাউন্সিলররা সংহতি জানান। পৌর সভাকক্ষে আলোচনা সভা হয়। এতে বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের কালীগঞ্জ শাখার সভাপতি কামরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন উপসহকারী প্রকৌশলী শফিকুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা মাসুদুজ্জামান, পৌর কাউন্সিলর পরিমল চন্দ্র ঘোষ, সচিব মো. মিলন মিয়া, অ্যাসোসিয়েশন ঢাকার বিভাগীয় যুগ্ম সম্পাদক দুলাল মোড়ল প্রমুখ।
মানিকগঞ্জ পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরাও গতকাল সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত কর্মবিরতি পালন করেন। এ সময় তাঁরা মানিকগঞ্জ নগর ভবনে অবস্থান করেন। মানিকগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী বিল্লাল হোসেন, সহকারী প্রকৌশলী গিয়াস উদ্দিন, সচিব আলতাফ হোসেন, অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক শাহাদত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
{প্রতিবেদন তৈরিতে সহযোগিতা দিয়েছেন নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ এবং গাজীপুর ও মানিকগঞ্জ প্রতিনিধি}