পুলিশের দুই কর্মকর্তাকে প্রত্যাহার, বেদখলে থাকা ১০টি হল উদ্ধার, নতুন হল নির্মাণসহ বিভিন্ন দাবিতে গতকাল বৃহস্পতিবার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খানকে স্মারকলিপি দিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
দাবি আদায়ে গতকাল থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছে শিক্ষক সমিতি। তবে বিভিন্ন বিভাগের পরীক্ষা এই কর্মসূচির আওতামুক্ত রয়েছে। এদিকে একই দাবিতে গতকাল বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে মানববন্ধন ও সমাবেশ করেছে কর্মকর্তা সমিতি।
ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও স্বতন্ত্র সাংসদ হাজি মো. সেলিমের দখলে থাকা তিব্বত হল উদ্ধার করতে গেলে গত রোববার শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে আহত হন প্রায় ৩০০ শিক্ষক-শিক্ষার্থী। এ ঘটনার প্রতিবাদে সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন শেষে ক্যাম্পাসে যাওয়ার পথে জিরো পয়েন্টে আবারও পুলিশের হামলার শিকার হন বিশ্ববিদ্যালয়ের চার কর্মকর্তা। তাই এসব ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার (ডিসি) হারুন অর রশিদ ও কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামানকে প্রত্যাহারের দাবি জানিয়ে আসছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
শিক্ষক সমিতির সভাপতি সরকার আলী আককাস বলেন, ডিসি হারুন ও ওসি মনিরুজ্জামানকে প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে গতকাল দুপুর ১২টার দিকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছেন তাঁরা। এ সময় বিশ্ববিদ্যালয়ের আওয়ামী লীগ-সমর্থিত শিক্ষকদের সংগঠন নীল দল ও বিএনপি-সমর্থিত শিক্ষকদের সংগঠন সাদা দলের নেতারা উপস্থিত ছিলেন। আর দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাবে শিক্ষক সমিতি।
প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশের হামলার প্রতিবাদে গতকাল সকাল ১০টার দিকে শহীদ মিনারের সামনে মানববন্ধন ও সমাবেশ করে কর্মকর্তা সমিতি। সমাবেশে উপাচার্য মীজানুর রহমান বলেন, হল উদ্ধার আন্দোলনে বিনা কারণে শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে পুলিশ। যা অত্যন্ত দুঃখজনক। তাই ঘটনার সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন উপাচার্য। কর্মকর্তা সমিতির সভাপতি শেখ রেজাউল করিমের সভাপতিত্বে মানববন্ধনে রেজিস্ট্রার মো. ওহিদুজ্জামান, পরীক্ষা নিয়ন্ত্রক এ কে এম আক্তারুজ্জামান, হল উদ্ধার আন্দোলন-সংগ্রাম পরিষদের আহ্বায়ক শরিফুল ইসলাম, সদস্যসচিব সিরাজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
সংগ্রাম পরিষদের বিক্ষোভ: পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী গতকাল বেলা ১১টার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। পরে দুপুর ১২টার দিকে মুক্তিযুদ্ধের ভাস্কর্যের সামনে সমাবেশ করেন তাঁরা। এ সময় সমাবেশে সিরাজুল ইসলাম বলেন, দাবি আদায়ে আন্দোলন অব্যাহত থাকবে। এ ছাড়া আগামী রোববার বিশ্ববিদ্যালয়সংলগ্ন পাটুয়াটুলি এলাকায় বেদখলে থাকা শহীদ আজমল হোসেন হলের সামনে অবস্থান কর্মসূচি পালন করবেন তাঁরা।
কর্মবিরতি: শিক্ষক সমিতির কর্মবিরতির কারণে গতকাল কোনো বিভাগেই ক্লাস পরীক্ষা হয়নি। তবে কয়েকটি বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রক্টর অশোক কুমার সাহা বলেন, শিক্ষক সমিতির কর্মবিরতি বেলা ১১টা থেকে বিকেল চারটা পর্যন্ত চলে। ওই সময়ের আগে কয়েকটি বিভাগে ক্লাস হয়েছে বলে জানান তিনি।