কর্মবিরতি প্রত্যাহার, শিক্ষানবিশ চিকিৎসকেরা কাজে ফিরলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলার ঘটনায় দোষী ব্যক্তিদের গ্রেপ্তার ও শাস্তি, নিজেদের নিরাপত্তাসহ বিভিন্ন দাবিতে কর্মবিরতি পালনরত শিক্ষানবিশ (ইন্টার্ন) চিকিৎসকেরা গতকাল মঙ্গলবার কাজে যোগ দিয়েছেন। এদিকে কলেজের শিক্ষার্থীরাও তাঁদের আন্দোলনের কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন।গত বৃহস্পতিবার রাতে শিক্ষার্থীদের ওপর বহিরাগত ব্যক্তিদের হামলার পর থেকে বিভিন্ন দাবিতে শিক্ষানবিশ চিকিৎসকেরা কর্মবিরতি পালন করে আসছিলেন। তাঁদের দাবির কিছু পূরণ হওয়ায় এবং অন্যান্য দাবি পূরণের আশ্বাসের পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে শিক্ষানবিশ চিকিৎসকেরা কাজে যোগ দেন। দাবি পূরণ হওয়ায় কলেজের শিক্ষার্থীরাও তাঁদের অবস্থান ধর্মঘটসহ আন্দোলনের কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন।গত শনিবার থেকে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে কলেজের প্রশাসনিক ভবনের প্রধান ফটকে তালা দিয়ে অবস্থান ধর্মঘট পালন করে আসছিলেন। আজ বুধবার থেকে তাঁরা ক্লাসে ফিরবেন।কলেজ ও হাসপাতাল সূত্র জানায়, গত কয়েক দিন ধরে হাসপাতাল ও কলেজ কর্তৃপক্ষ বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ময়মনসিংহ শাখার নেতাদের নিয়ে শিক্ষার্থী ও শিক্ষানবিশ চিকিৎসকদের সঙ্গে দফায় দফায় বৈঠক করে। গত সোমবার তারা মতৈক্যে পৌঁছে। বৈঠকে হামলার ঘটনায় দোষীদের গ্রেপ্তার, হামলার সঙ্গে জড়িত হাসপাতালের চতুর্থ শ্রেণীর কয়েকজন কর্মচারীর বহিষ্কার, ছাত্রাবাসের নিরাপত্তা জোরদার, সীমানাপ্রাচীর উঁচু করাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। আলোচনার পরিপ্রেক্ষিতে কয়েকটি দাবি পূরণ করা হয় এবং বাকিগুলো পূরণের আশ্বাস দেওয়া হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, কর্তৃপক্ষ মঙ্গলবার সকালে কিছু পদক্ষেপ নিতে শুরু করলে আন্দোলনের অবসান ঘটে।কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার জানান, হামলার ঘটনায় সেলিম আহাম্মেদ ও আবু সাঈদ নামের আরও দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।