কর্মবিরতি প্রত্যাহার কাউন্সিলরকে গ্রেপ্তারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনির্দিষ্টকালের কর্মবিরতি প্রত্যাহার করেছেন কক্সবাজার পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা। তবে তাঁরা ওয়ার্ড কাউন্সিলর জাবেদ মো. কায়সার ওরফে নোবেলকে ১৮ আগস্টের মধ্যে গ্রেপ্তারের সময়সীমা বেঁধে দিয়েছেন। তা করা না হলে সারা দেশে আন্দোলন কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন তাঁরা।

গতকাল শনিবার দুপুরে কক্সবাজার পৌরসভা চত্বরে হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়। বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশন এই সমাবেশের আয়োজন করে। গত মঙ্গলবার পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা খোরশেদ আলমকে মারধর করেন কাউন্সিলর জাবেদ মো. কায়সার। ওই দিন বিকেল থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দেয় পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশন। মারধরের পরদিন কাউন্সিলরের বিরুদ্ধে থানায় মামলা করেন খোরশেদ আলম।

সমাবেশে বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি আবদুল আলীম মোল্লা বলেন, কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পৌরবাসীর কোনো বিরোধ নেই। তাঁদের দুর্ভোগের কথা বিবেচনা করে আগামীকাল রোববার (আজ) থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি প্রত্যাহার করে নেওয়া হলো।

আবদুল আলীম মোল্লা আরও বলেন, কর্মকর্তা–কর্মচারীদের ক্ষোভ কাউন্সিলর জাবেদ মো. কায়সারের বিরুদ্ধে। একে একে তিনি অনেক কর্মকর্তা-কর্মচারীর গায়ে হাত তুলেছেন। এই অধিকার তাঁকে কে দিয়েছে। ১৮ আগস্টের মধ্যে কাউন্সিলরকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দিতে হবে। এ সময়ের মধ্যে প্রশাসন তাঁকে গ্রেপ্তারে ব্যর্থ হলে সারা দেশের ৩২৭টি পৌরসভা অচল করে দেওয়া হবে বলে তিনি ঘোষণা দেন।

পৌরসভা সূত্র জানায়, কর্মকর্তা-কর্মচারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতির কারণে কক্সবাজার পৌরসভার কার্যক্রম বন্ধ থাকায় চরম দুর্ভোগ পোহাতে হয় সাধারণ নাগরিকদের।

গতকাল বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন কক্সবাজার পৌরসভার কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের সহসভাপতি মোরশেদ আজাদ। আরেক সহসভাপতি শামীম আক্তারের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের চট্টগ্রাম বিভাগীয় কমিটির সহসভাপতি বেলাল আহমেদ, সহসাধারণ সম্পাদক নুরুল করিম, কক্সবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক আবু রাশেদ মো. জাহেদ চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতা আবুল খায়ের, কক্সবাজার পৌরসভা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মাবুদ, চকরিয়া পৌরসভার কমিটির নেতা আরিফুল মোস্তফা  প্রমুখ।