জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির অনির্দিষ্টকালের কর্মবিরতি আগামী ১০ এপ্রিল পর্যন্ত স্থগিত করা হয়েছে। গতকাল সোমবার শিক্ষক সমিতির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এদিকে বেদখল হওয়া ১০টি হল উদ্ধার, নতুন হল নির্মাণ ও ক্যাম্পাস থেকে বাংলাদেশ ব্যাংকের সদরঘাট শাখা স্থানান্তরসহ বিভিন্ন দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বেদখল হওয়া হল উদ্ধার সংগ্রাম পরিষদ।
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক পরিমল বালা সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, বেদখল হওয়া হলগুলো উদ্ধারে ৬ মার্চ আট সদস্যের কমিটি করেছে শিক্ষা মন্ত্রণালয়। কমিটিকে ৩০ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তাই এ সময় কর্মবিরতি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন শিক্ষকেরা। তবে দাবি আদায়ে আজ মঙ্গলবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ রফিক ভবনের সামনে সমাবেশ করবে শিক্ষক সমিতি।
বিশ্ববিদ্যালয়ের তিব্বত হল উদ্ধার করতে গেলে গত ২৩ ফেব্রুয়ারি শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে প্রায় ৩০০ শিক্ষক-শিক্ষার্থী আহত হন। এ ঘটনার জন্য পুলিশের লালবাগ বিভাগের ডিসি হারুন অর রশিদ ও কোতোয়ালি থানার ওসি মনিরুজ্জামানকে দায়ী করে তাঁদের প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে ২৪ ফেব্রুয়ারি অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করে শিক্ষক সমিতি।
একাডেমিক ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণকাজ উদ্বোধন: শিক্ষক-শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গতকাল একাডেমিক ভবনের (নতুন ভবন সাত থেকে ১৬ তলা করা হবে) ঊর্ধ্বমুখী সম্প্রসারণকাজের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য মীজানুর রহমান বলেন, স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয়ের হলগুলো দীর্ঘদিন ধরে দখল করে রেখেছেন। তাই সরকারকেই বেদখল হওয়া ১০টি হল উদ্ধার করতে হবে। এগুলো উদ্ধারের দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের নয়।
হল উদ্ধার সংগ্রাম পরিষদের আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম বলেন, দাবি আদায়ে আজ বেলা ১১টায় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করবে পরিষদ।