কর্মবিরতি স্থগিত, রপ্তানি পণ্য পরিবহন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কনটেইনার পরিবহনকারী গাড়ি মালিক-শ্রমিক সংগঠনের ডাকা কর্মবিরতি ১০ ঘণ্টা পর স্থগিত করা হয়েছে। সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীনের সঙ্গে আড়াই ঘণ্টা বৈঠক শেষে আজ সোমবার সন্ধ্যা ছয়টায় কর্মবিরতি এক মাসের জন্য স্থগিত ঘোষণা করে ‘চট্টগ্রাম প্রাইম মুভার ট্রেইলার মালিক–শ্রমিক ঐক্য পরিষদ’। এরপরই রপ্তানি পণ্য পরিবহন শুরু হয়।

সাত দফা দাবিতে ঐক্য পরিষদের ডাকে আজ সকাল আটটা থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করে মালিক-শ্রমিকেরা। কর্মবিরতির কারণে চট্টগ্রামের ১৬টি বেসরকারি ডিপো থেকে এসব গাড়িতে করে কনটেইনারভর্তি পণ্য বন্দর দিয়ে জাহাজে তুলে দেওয়া যায়নি। বন্দরগামী রপ্তানি পণ্য ডিপোতেই আটকা পড়ে যায়। আবার বন্দর থেকে ডিপোগামী ৩৭ ধরনের আমদানি পণ্যভর্তি কনটেইনার পরিবহনও বন্ধ হয়ে যায়। ১৪ চাকার এসব গাড়িতেই কনটেইনার পরিবহন করা হয়।
এ পরিস্থিতিতে বেলা সাড়ে তিনটা থেকে সিটি করপোরেশনের সম্মেলন কক্ষে মেয়রের উপস্থিতিতে আলোচনায় বসেন মালিক-শ্রমিক নেতারা। এতে বন্দর, বিআরটিএ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠকে মেয়র ২৯ দিনের মধ্যে যৌক্তিক দাবিগুলো দাবিগুলো বাস্তবায়নের আশ্বাস দেন।

সংগঠনটির সাত দফা দাবি হলো সিটি করপোরেশনের যানবাহনপ্রতি ‘যান্ত্রিক মডেল ট্যাক্স’ ৫০০ টাকা থেকে ১০ হাজার টাকায় উন্নীতকরণের সিদ্ধান্ত প্রত্যাহার, চট্টগ্রাম বন্দর এলাকায় টার্মিনাল নির্মাণ, গাড়ির বিরুদ্ধে মামলা করা বন্ধ, ওজন স্কেলে চাঁদাবাজি ও হয়রানি বন্ধ, চালকদের ভারী যানের লাইসেন্স প্রদান, প্রাইম মুভার ও ট্রেইলার একই নিবন্ধনের আওতায় আনা এবং বন্দর ও বিআরটিএসহ সব সংস্থার সমন্বয়ে এই খাতে সমন্বিত নীতিমালা প্রণয়ন।
বৈঠক শেষে মেয়র সাংবাদিকদের বলেন, ‘এক মাসের মধ্যে দাবিগুলো বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করব। এ জন্য সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং নৌমন্ত্রীর সঙ্গেও আলোচনা করব।’

বৈঠক শেষে বেরিয়ে চট্টগ্রাম প্রাইম মুভার ট্রেইলার মালিক শ্রমিক ঐক্য পরিষদের যুগ্ম সদস্যসচিব মো. হুমায়ুন কবির মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘মেয়র দায়িত্ব নিয়েছেন। এ কারণে কর্মসূচি এক মাসের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে।’
বন্দর কর্মকর্তারা জানান, চট্টগ্রামের ১৬টি ডিপো থেকে রপ্তানি পণ্যভর্তি কনটেইনার প্রাইম মুভার ট্রেইলারে করে বন্দরে এনে জাহাজে তুলে দেওয়া হয়। আবার বন্দর থেকে ডিপোতে এবং আমদানিকারকের চত্বরে কনটেইনারবাহী গাড়ি নেওয়া হয় ট্রেইলারে করে। মোট আট হাজার গাড়ির মাধ্যমে এসব কনটেইনার আনা-নেওয়া করা হয়।

বন্দরের পর্ষদ সদস্য জাফর আলম প্রথম আলোকে বলেন, ‘রপ্তানি পণ্য পরিবহনে সাময়িক অসুবিধা হলেও কর্মবিরতি স্থগিত হওয়ায় এখন সমস্যা হবে না।’
বেসরকারি ডিপো মালিক সমিতি বিকডার সভাপতি নুরুল কাইয়ুম খান প্রথম আলোকে বলেন, রপ্তানি পণ্যবাহী কনটেইনারের ৯০ শতাংশ ডিপো থেকে প্রাইম মুভার ট্রেইলারে করে বন্দরে নেওয়া হয়। এসব গাড়ি বন্ধ হলে রপ্তানি পণ্য পরিবহনে ব্যাঘাত ঘটে।