কর্মবিরতিতে অচল পৌরসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার পৌরসভার প্রশাসনিক কর্মকর্তাকে মারধরের ঘটনায় গতকাল বুধবারও কর্মবিরতি অব্যাহত রয়েছে। নানা কাজে পৌর কার্যালয়ে আসা স্থানীয় লোকজন ফিরে যাচ্ছেন। এ ছাড়া পরিষ্কার করা হচ্ছে না শহরের ময়লা-আবর্জনা। ফলে নাগরিকদের ভোগান্তি বেড়েছে।

 গত মঙ্গলবার দুপুরে পৌরসভা ভবনে ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাবেদ মোহাম্মদ কায়সার ওরফে নোবেল পিটিয়ে আহত করেন প্রশাসনিক কর্মকর্তা খোরশেদ আলমকে। অফিস সহকারী নিয়োগ নিয়ে মারধরের ঘটনা ঘটে। এরপর থেকে কর্মবিরতি শুরু হয়। এ ঘটনায় খোরশেদ আলম বাদী হয়ে গতকাল বুধবার দুপুরে কক্সবাজার সদর মডেল থানায় কাউন্সিলরের বিরুদ্ধে মামলা করেছেন।

মামলার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত কুমার বড়ুয়া বলেন, মারধরের অভিযোগ মামলা হয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে।

গতকাল বুধবার বেলা ১১টার দিকে পৌর ভবনে গিয়ে দেখা গেছে, কয়েক শ নারী-পুরুষ ভিড় করেছেন। কিন্তু দুইতলা ভবনের প্রতিটি কক্ষ তালাবদ্ধ থাকায় লোকজন হতাশা হয়ে ফিরে যাচ্ছেন।

পৌর ভবনে সেতারা বেগম (৪৫) নামে এক নারী বলেন, তিনি এসেছেন পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সমিতিপাড়া থেকে। তাঁর ছেলে মোবারক হোসেনকে ভোটার করার জন্য পৌরসভা থেকে জন্ম ও জাতীয়তা সনদ প্রয়োজন। সকাল থেকে পৌর ভবনে অপেক্ষা করেন। কিন্তু কারও দেখা পাননি।

আরেক নারী সালমা জাহান বলেন, ভোটার হওয়ার জন্য আজ (বুধবার) শেষ সময়। কিন্তু পৌরসভা থেকে কাগজপত্র পাওয়া যাচ্ছে না। একই অভিযোগ করেন শহরের ঘোনারপাড়া এলাকার নুরুল আমিন, কলাতলী লাইটহাউস এলাকার মীর কাশেমসহ অনেকে।

পৌরসভা সূত্র জানায়, কর্মকর্তা-কর্মচারী রয়েছেন ১০৬ জন। সবাই কর্মবিরতিতে থাকায় সব কাজই বন্ধ রয়েছে।

বাজারঘাটা এলাকার ব্যবসায়ী মনসুর আলম অভিযোগ করে বলেন, আগে সকাল থেকে বিকেলের মধ্যে শহরের ময়লা-আবর্জনা সরানো হতো। কর্মবিরতি চলায় এসব সরানো হচ্ছে না। দুর্গন্ধে হাঁটা দায় হয়ে পড়েছে।

গতকাল সকালে পৌর ভবনের সামনে বিক্ষোভ-সমাবেশ করে বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশন কক্সবাজার শাখা। ওই সময় ঘটনার সুষ্ঠু সমাধান ও দোষী কাউন্সিলরের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন নেতারা।

পরে বিকেল চারটায় পৌর ভবনের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলন করেন অ্যাসোসিয়েশনের নেতারা। এ সময় লিখিত বক্তব্যে অ্যাসোসিয়েশনের জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল মাবুদ বলেন, একের পর এক কর্মকর্তা-কর্মচারীর গায়ে হাত তুলছেন কাউন্সিলর নোবেল। যাঁকে ইচ্ছা তাঁকে নাজেহাল করছেন। এখানে কেউ নিরাপদ না।

পৌরসভার সচিব রাসেল চৌধুরী বলেন, এর আগে তাঁকেসহ ছয়জনকে মারধর করেছেন নোবেল। এভাবে চলতে থাকলে চাকরি করা কারও পক্ষে সম্ভব নয়।

ভুক্তভোগী খোরশেদ আলম বলেন, কোনো কারণ ছাড়াই তাঁকে মারধর করেছেন কাউন্সিলর নোবেল। তিনি ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

সংবাদ সম্মেলনে পৌরসভার নির্বাহী প্রকৌশলী নুরুল আলম, উপসহকারী প্রকৌশলী মনতোষ চাকমা ও টিটন দাশসহ সকল কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে পৌর কাউন্সিলর জাবেদ মোহাম্মদ কায়সার বলেন, ‘আমি কাউকে মারিনি। এসব মিথ্যা অভিযোগ।’