কর্মবিরতিতে কলেজশিক্ষকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অষ্টম বেতন কাঠামোয় সিলেকশন গ্রেড বাদ দেওয়ার প্রতিবাদে আজ বৃহস্পতিবার দেশের সব সরকারি কলেজ ও সংশ্লিষ্ট শিক্ষা দপ্তরগুলোতে কর্মবিরতি পালন করছেন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা। বিসিএস সাধারণ শিক্ষা সমিতির ডাকে এই কর্মসূচি পালন হচ্ছে। এতে আজ বৃহস্পতিবার সকাল থেকেই কলেজগুলোতে শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে।

শিক্ষকেরা কলেজ ও দপ্তরগুলোতে গেলেও শিক্ষাকাজে অংশ নিচ্ছেন না। বিসিএস সাধারণ শিক্ষা সমিতির মহাসচিব আই কে সেলিমউল্লাহ খন্দকার প্রথম আলোকে বলেন, তাঁর কাছে বিভিন্ন কলেজ থেকে এখন পর্যন্ত যেসব খবর আসছে তাতে শিক্ষকেরা কোথাও কোনো শিক্ষাকার্যক্রমে অংশ নিচ্ছেন না। সব জায়গায় স্বতঃস্ফূর্তভাবে শিক্ষকেরা কর্মসূচি পালন করছেন।

ঢাকা কলেজের এই শিক্ষক বলেন, তিনি এখন কলেজেই আছেন। সেখানেও কোনো শিক্ষাকার্যক্রম হচ্ছে না। তিনি আক্ষেপ করে বলেন, এবার পে স্কেলটি ভালো ছিল। কিন্তু সিলেকশন গ্রেড বাদ দেওয়াসহ কিছু সমস্যার কারণে শিক্ষকেরা এটি ভালোভাবে উপভোগ করতে পারছেন না। তিনি বলেন, সিলেকশন গ্রেড বাদ দেওয়ার কারণে শিক্ষকেরা বেতন ও মর্যাদা নিয়ে বৈষম্যের শিকার হবেন। কারণ অধ্যাপকেরা এত দিন সিলেকশন গ্রেডের কারণে কিছুসংখ্যক হলেও গ্রেড ৩ এ যেতে পারতেন। সিলেকশন গ্রেড বাদ দেওয়ায় সেটাও বন্ধ হয়ে গেল।

এদিকে বেতন কাঠামো পুনর্নির্ধারণের দাবিতে আন্দোলনরত পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির জোট বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন পরবর্তী করণীয় নির্ধারণ করতে বৈঠক করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলে প্রভোস্টের কার্যালয়ে বৈঠক হচ্ছে। এই হলের প্রভোস্ট এ এস এম মাকসুদ কামাল এই ফেডারেশনের মহাসচিব।