কর্মবিরতিতে পৌর কাউন্সিলররা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেতন ও পদমর্যাদা বৃদ্ধিসহ আট দফা দাবিতে গতকাল বুধবার ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড় ও কুড়িগ্রামে পৌরসভার কাউন্সিলররা মানববন্ধন ও কর্মবিরতি পালন করেছেন।
কাউন্সিলরদের দাবির মধ্যে রয়েছে সময়োপযোগী মাসিক সম্মানী নির্ধারণ, বেতন-ভাতা রাজস্ব তহবিল থেকে প্রদান, পৌর কাউন্সিলরদের পদমর্যাদা নির্ধারণ, পরিচয়পত্র প্রদান, মেয়রদের মতো কাউন্সিলরদের প্রশিক্ষণের ব্যবস্থা করা এবং পৌরসভার নির্বাচন পদ্ধতিতে পরিবর্তন আনা।
ঠাকুরগাঁওয়ের তিনটি পৌরসভার কাউন্সিলররা গতকাল সকাল নয়টা থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেন। ঠাকুরগাঁও পৌরসভা চত্বরে পৌর কাউন্সিলর অ্যাসোসিয়েশনের জেলা শাখার সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে সভা হয়। এ সময় বক্তব্য দেন প্যানেল মেয়র জাহাঙ্গীর আলম, কাউন্সিলর আতাউর রহমান, প্রদীপ চক্রবর্তী, দ্রৌপদী দেবী আগরওয়ালা প্রমুখ। সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর নাজিরা আক্তার বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয় সম্প্রতি কাউন্সিলরদের জন্য মাসিক সম্মানী ৮ হাজার টাকা নির্ধারণ করেছে, যা তাঁদের জন্য অসম্মানজনক ও বৈষম্যমূলক।
দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার প্রধান ফটকে কাউন্সিলররা সকাল ১০টায় মানববন্ধন করেন। কর্মসূচি চলাকালে প্যানেল মেয়র মামুনুর রশিদ, কাউন্সিলর আবদুল জব্বার, মোতাহার আলী, গোলাফফর হোসেন, ময়েজ উদ্দিন, মোতালেব হোসেন, সৈয়দ আবু ফরহাদ, হারান দত্ত, রোকেয়া বেগম, ছকিনা বেগম বক্তব্য দেন। বক্তারা বলেন, পৌরসভার নিজস্ব আয় থেকে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ করতে হয়। বেশির ভাগ সময় পৌরসভার রাজস্ব তহবিলে টাকার অভাবে পৌর কর্মকর্তা-কর্মচারীরা বেতন-ভাতা পান না। এতে পৌর প্রশাসন পরিচালনা করা কঠিন হয়ে পড়ে।
নীলফামারীর সৈয়দপুর পৌরসভার কাউন্সিলররা গতকাল পৌরসভা চত্বরে পৌরসভা বয়কট ও কলমবিরতি পালন করেন। এতে সভাপতিত্ব করেন প্যানেল মেয়র জিয়াউল। বক্তব্য দেন কাউন্সিলর শাহিন আকতার, কাজী জাহানারা বেগম, এরশাদন হোসেন, আল মামুন সরকার প্রমুখ। মেয়র আমজাদ হোসেন সরকার কাউন্সিলরদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেন। আরও বক্তব্য দেন পৌরসভার কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশন সৈয়দপুর শাখার সভাপতি আবু তাহের ও সাধারণ সম্পাদক সুজন শাহ্। তাঁরা বলেন, আমাদের মাত্র ৫ হাজার টাকা সম্মানী দেওয়া হচ্ছে। ‘ক’ শ্রেণিভুক্ত সৈয়দপুর পৌরসভার কাউন্সিলরদের সম্মানী ২৫ হাজার টাকা করার দাবি করেন তাঁরা।
পঞ্চগড় পৌরসভার কাউন্সিলররা সকাল থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেন। দুপুরে তাঁরা পঞ্চগড়-তেঁতুলিয়া সড়কে কাউন্সিলর মাজেদুর রহমান চৌধুরীর বাসার সামনে সমাবেশ করেন। এ সময় বক্তব্য দেন পৌর কাউন্সিলর অ্যাসোসিয়েশন জেলা শাখার সভাপতি প্যানেল মেয়র আশরাফুল আলম, সাধারণ সম্পাদক মাজেদুর রহমান চৌধুরী, কাউন্সিলর দিলখুশা বেগম প্রমুখ। পৌরসভার মেয়র তৌহিদুল ইসলাম বলেন, কাউন্সিলররা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করায় পৌরসভার কর্মকাণ্ডে অচলাবস্থা দেখা দিয়েছে। তবে কাউন্সিলরদের দাবিও যৌক্তিক।
কুড়িগ্রাম, উলিপুর ও নাগেশ্বরী পৌরসভার কাউন্সিলররা সকাল থেকে অনির্দিষ্টকালের কলমবিরতি ও পৌরসভার কার্যক্রম বর্জন করেন। কুড়িগ্রাম পৌরসভার কাউন্সিলররা পৌরসভার মূল গেট বন্ধ করে সেখানে অবস্থান নেন। এ সময় বক্তব্য দেন জেলা পৌর কাউন্সিলর অ্যাসোসিয়েশনের সভাপতি রোস্তম আলী, সাধারণ সম্পাদক আনিছুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান প্রমুখ। পরে ৮ দফা দাবি আদায়ে জনমত তৈরিতে তাঁরা সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেন।
(প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়েছেন দিনাজপুর ও কুড়িগ্রাম অফিস এবং ঠাকুরগাঁও, পঞ্চগড় ও সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি)