কর্মবিরতিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা

নতুন বেতন কাঠামোতে সিলেকশন গ্রেড বহাল ও বেতন গ্রেডের সমস্যা নিরসনের দাবিতে আজ সোমবার সকাল থেকে লাগাতার কর্মবিরতি শুরু করেছেন দেশের সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব এ এস এম মাকসুদ কামাল প্রথম আলোকে বলেন, সকাল থেকে প্রায় সব বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গভাবে কর্মসূচি চলছে বলে তিনি খবর পেয়েছেন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রংপুর বিশ্ববিদ্যালয়সহ ঢাকার বাইরের প্রায় সব বিশ্ববিদ্যালয়েই শিক্ষকেরা ক্লাস বর্জনের পাশাপাশি পরীক্ষা নেওয়া থেকেও বিরত থাকছেন বলে তিনি জানতে পেরেছেন। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুধু পূর্বঘোষিত পরীক্ষাগুলো নেওয়া হবে। নতুন করে কোনো পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে না। দাবি না মানা পর্যন্ত শিক্ষকদের এই কর্মবিরতি চলবে।
শিক্ষার্থীদের আশঙ্কা, বছরের শুরুর দিকে লাগাতার এই কর্মবিরতির কারণে বিশ্ববিদ্যালয়গুলোতে আবারও সেশনজট শুরু হবে। সাম্প্রতিক সময়ে এই সেশনজট কমে গিয়েছিল।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়চলমান কর্মবিরতির প্রথম দিন আজ বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ বিভাগে কোনো ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। কর্মবিরতির কারণে একাধিক বিভাগের বিভিন্ন বর্ষের চূড়ান্ত পরীক্ষা স্থগিত করা হয়েছে। অন্য বিভাগগুলোর চূড়ান্ত পরীক্ষাও পিছিয়ে যাওয়ার আশঙ্কা করছেন শিক্ষার্থীরা।
তবে কর্মবিরতির মধ্যেও আজ বেশ কিছু বিভাগে ক্লাস ও টিউটোরিয়াল পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বাংলা, নগর ও অঞ্চল পরিকল্পনা, প্রাণিবিদ্যা ও ফার্মেসি বিভাগে ক্লাস হয়েছে। আর দর্শন, নৃবিজ্ঞান, প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগে টিউটোরিয়াল পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার বলেন, ‘কিছু বিভাগে ক্লাস-পরীক্ষা হয়েছে। সবার সঙ্গে যোগাযোগ করছি। আগামীকাল থেকে আরও সুষ্ঠুভাবে কর্মবিরতি পালিত হবে।’
দর্শন বিভাগের ৪১তম ব্যাচের শিক্ষার্থী রাকিব হাসান বলেন, ‘আন্দোলনের নিশ্চয় আরও অনেক উপায় আছে। কিন্তু শিক্ষার্থীদের এভাবে জিম্মি করে দাবি আদায় কতটুকু যৌক্তিক, তা নিয়ে ভাবার প্রয়োজন আছে।’ আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪০তম ব্যাচের শিক্ষার্থী শাওন কৈরি বলেন, ‘অতি দ্রুত এর সমাধান প্রয়োজন। কারণ, শিক্ষার্থীরাই এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।’
আন্দোলনের ব্যাপারে বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মামুন অর রশীদ বলেন, শিক্ষকদের পেশাগত মর্যাদা রক্ষার আন্দোলনে শিক্ষার্থীদেরও পাশে থাকা উচিত। তবে এই কর্মবিরতি দীর্ঘায়িত হবে না বলে তিনি আশা করেন। তবে নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মির্জা তাসলিমা সুলতানা বলেন, ‘আমি এই কর্মসূচির সঙ্গে আছি। কিন্তু এই আন্দোলনের সবকিছুর সঙ্গে আমি একমত নই। আসলে শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন কাঠামো হওয়া প্রয়োজন। সে বিষয়ে কথা বলা জরুরি।’

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক পরিমল চন্দ্র বর্মণ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষকদের লাগাতার পূর্ণ কর্মবিরতি পালন শুরু হয়েছে। তবে প্রথম বর্ষে চলমান ভর্তিপ্রক্রিয়া-সংক্রান্ত কার্যক্রম এই কর্মসূচির আওতামুক্ত থাকবে।
বিশ্ববিদ্যালয় শিক্ষকেরা বেতন সমস্যা নিয়ে প্রায় আট মাস ধরে আন্দোলন করছেন। বর্তমানে দেশে ৩৭টি সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় রয়েছে। এগুলোতে ১২ হাজারেরও কিছু বেশি শিক্ষক রয়েছেন।