কর্মবিরতিতে যাচ্ছেন সাত হাজার ইন্টার্ন চিকিৎসক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাতা বৃদ্ধির দাবিতে ইন্টার্ন চিকিৎসকেরা আজ সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন। সারা দেশে একযোগে এ কর্মবিরতি পালিত হওয়ার কথা রয়েছে। গতকাল শনিবার ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের নেতারা এ কথা জানান।
অ্যাসোসিয়েশনের নেতারা বলেন, ২০০৬ সালে ইন্টার্ন চিকিৎসকদের ভাতা ছিল ৬ হাজার ৮০০ টাকা। অনেক দেনদরবারের পর ২০০৯ সালে ভাতার পরিমাণ বাড়িয়ে ১০ হাজার টাকা করা হয়। এ বছরের মে মাস থেকে তাঁরা ভাতা বাড়িয়ে ২০ হাজার টাকা করার অনুরোধ করে আসছেন। মন্ত্রণালয় বরাবর চিঠিও দিয়েছেন। কিন্তু সরকার সাড়া দিচ্ছে না।
নেতারা বলেন, বাংলাদেশে সরকারি হাসপাতালগুলোয় ইন্টার্ন চিকিৎসকের সংখ্যা ৪ হাজার। আর বেসরকারি হাসপাতালে আছেন ৩ হাজার ইন্টার্ন চিকিৎসক। সবাই-ই এ আন্দোলনের সঙ্গে আছেন।
মিটফোর্ড হাসপাতালের ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি এ বি এম তানজীমুল হক বলেন, জ্যেষ্ঠ চিকিৎসকেরা রোগীদের জন্য যে নির্দেশনা দিয়ে যান, তা বাস্তবায়ন করেন ইন্টার্ন চিকিৎসকেরা। তাঁরা দিনে ১২ থেকে ১৪ ঘণ্টা হাসপাতালে সময় দেন। সে অনুপাতে তাঁদের ভাতা কম।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের প্রতিনিধি সুব্রত নাগ বলেন, তাঁরা সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন করবেন।