কর্মবিরতিতে রপ্তানি পণ্যের কনটেইনার আটকা
পরিবহনকারী গাড়ির মালিক ও শ্রমিকদের কর্মবিরতিতে ডিপোতে আটকা পড়েছে রপ্তানি পণ্যভর্তি কনটেইনার। এ কারণে চট্টগ্রাম বন্দর দিয়ে পণ্য রপ্তানিও বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। পাশাপাশি আমদানি পণ্যভর্তি কনটেইনার খালাসও বন্ধ হয়ে গেছে।
আজ সোমবার সকাল আটটা থেকে চট্টগ্রাম প্রাইম মুভার ট্রেইলার মালিক শ্রমিক ঐক্য পরিষদের কর্মবিরতি শুরু হয়। কনটেইনার পরিবহনকারী মালিক শ্রমিক ঐক্য পরিষদের অভিযোগ, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন ওজন স্কেলে তাদের হয়রানি করা হচ্ছে।
গতকাল রোববার রাতে সংগঠনের নেতারা কর্মবিরতির কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচি ঘোষণার সময় শুধু আমদানি পণ্যবোঝাই কনটেইনার আনা-নেওয়া বন্ধ থাকবে বলে ঘোষণা দেওয়া হয়েছিল। কিন্তু আজ সকাল থেকে আমদানিসহ রপ্তানি পণ্যবোঝাই কনটেইনার আনা-নেওয়া বন্ধ করে দেন সংগঠনের নেতারা।
বেসরকারি কনটেইনার ডিপো মালিক সমিতি ‘বিকডা’র সচিব রুহুল আমিন সিকদার আজ দুপুরে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, কর্মবিরতির কারণে ১৬টি ডিপো থেকে রপ্তানি পণ্যবোঝাই কনটেইনার বন্দরে নেওয়া যাচ্ছে না। এ পরিস্থিতি চললে রপ্তানি পণ্যবোঝাই কনটেইনার জাহাজে তুলে দেওয়া যাবে না। কারণ নির্ধারিত সময়ে জাহাজে রপ্তানি পণ্যভর্তি কনটেইনার তুলে দেওয়া না গেলে বিপদে পড়বে রপ্তানিকারকরা।
নিয়মানুযায়ী, সারা দেশ থেকে কাভার্ড ভ্যানে পণ্য এনে চট্টগ্রামের ১৬টি ডিপোতে রাখা হয়। এরপর সেখানে রপ্তানি পণ্য কনটেইনারে বোঝাই করে সিলগালা করে দেওয়া হয়। এরপর গাড়িতে এসব কনটেইনার নেওয়া হয় বন্দরে। পরে বন্দর দিয়ে জাহাজে তুলে দেওয়া হয়। এই প্রক্রিয়ায় প্রায় ৯০ শতাংশ রপ্তানি পণ্য পরিবহন হয়। এর বাইরে ৫ শতাংশ আনা হয় রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলগুলো থেকে। এই ৯৫ শতাংশ রপ্তানি পণ্য পরিবহন এখন বন্ধ রয়েছে। প্রতিদিন অন্তত দেড় হাজার একক কনটেইনার রপ্তানি পণ্য পরিবহন হয়।
দেশের মহাসড়ক, সড়ক ও সেতুর ওপর অতিরিক্ত চাপ কমানোর জন্য সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ ১৬ আগস্ট জারিকৃত প্রজ্ঞাপনে গাড়িভেদে পণ্য পরিবহনের পরিসীমা বেঁধে দেওয়া হয়। নির্ধারিত পরিসীমা অতিক্রান্ত হলেই গাড়িগুলোকে স্তরভেদে ২ হাজার থেকে ১২ হাজার টাকা জরিমানা দেওয়ার কথা বলা হয় প্রজ্ঞাপনে। কনটেইনার পরিবহনকারী গাড়ি প্রাইমমুভার ট্রেইলর ১৪ চাকার। প্রজ্ঞাপন অনুযায়ী, এ ধরনের গাড়ি মালামালসহ ৩৩ টন পর্যন্ত পরিবহন করতে পারবে। প্রথম দফায় গত ২৩ আগস্ট এ প্রজ্ঞাপন কার্যকর করতে গিয়ে শ্রমিকদের বাধার মুখে হোঁচট খায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। এরপর গত শনিবার থেকে এ প্রজ্ঞাপন কার্যকর করা হয় বলে মালিক-শ্রমিকেরা জানান।
চট্টগ্রাম প্রাইম মুভার ট্রেইলার মালিক শ্রমিক ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক গোলাম মাওলা আজ সোমবার দুপুরে প্রথম আলোকে বলেন, শনিবার থেকে প্রজ্ঞাপন কার্যকর হওয়ার পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি ওজন স্কেলে শতাধিক গাড়ি আটকা পড়েছে। কমবেশি সব গাড়িকেই ২ হাজার থেকে ১২ হাজার টাকা করে জরিমানা গুনতে হচ্ছে। জরিমানা না দেওয়ায় শ্রমিকদের মারধর ও গাড়ি ভাঙচুর করা হচ্ছে। ফলে বাধ্য হয়েই মালিক শ্রমিক ঐক্য পরিষদ কর্মবিরতির ডাক দিতে হয়েছে।
গোলাম মওলা বলেন, গাড়ি ও কনটেইনারের ওজন বাদ দিলে প্রজ্ঞাপন অনুযায়ী ১৪ চাকার গাড়িতে সর্বোচ্চ ১৩-১৪ টন পণ্য পরিবহন সম্ভব। কিন্তু কনটেইনারে এর চেয়ে বেশি পণ্য থাকে। এই নিয়ম কার্যকর করতে হলে বন্দর থেকেই করতে হবে। মাঝপথে পণ্য নেওয়ার পর নিয়ম কার্যকর করায় ভোগান্তি বেড়েছে।
সংগঠনটির নেতারা জানান, বন্দর থেকে পণ্য আনা-নেওয়া করা প্রাইম মুভার ট্রেইলারের সংখ্যা প্রায় আট হাজার। কোনোটিই এখন চলছে না।