কর্মবিরতিতে শিক্ষকেরা, ধীরে চলছে সরকার

দেশের ৩৭টি সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের লাগাতার কর্মবিরতিতে বছরের শুরুতেই অনিশ্চয়তার মুখে পড়েছে উচ্চশিক্ষা। শিক্ষকেরা তাঁদের মর্যাদা অক্ষুণ্ন রাখার জন্য আট মাস ধরে আন্দোলনের পর গতকাল সোমবার থেকে লাগাতার কর্মবিরতি শুরু করায় বিশ্ববিদ্যালয়গুলোতে এই অনিশ্চয়তা শুরু হয়েছে।
সিলেকশন গ্রেড বহাল, গ্রেড সমস্যা নিরসন ও পৃথক বেতন স্কেলের দাবিতে শিক্ষকেরা কঠোর অবস্থানে গেলেও গতকাল পর্যন্ত অর্থ ও শিক্ষা মন্ত্রণালয়সহ সরকারের সংশ্লিষ্টদের মধ্যে এ বিষয়ে তৎপরতা দেখা যায়নি। বরং বেতনবৈষম্যের জন্য আমলাদের দায়ী করে তাঁদের সমালোচনা করায় তাঁরাও শিক্ষকদের বিষয়ে নমনীয় হচ্ছেন না। সরকারের কেউ কেউ আরও কঠোর হওয়ার কথাও ভাবছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাও গতকাল রাজধানীতে আওয়ামী লীগের সমাবেশে বেতন-ভাতা বৃদ্ধির পরও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলনের সমালোচনা করেছেন। তিনি বলেন, ‘১২৩ ভাগ বেতন বাড়িয়ে দিয়েছি। যদি কোনো সমস্যা হয়, তাহলে সেটা তো আমরা দেখব, সেটা আমরা দেখছি। ছেলেমেয়েদের পড়াশোনা নষ্ট করলে ছাত্রছাত্রীরা তা মেনে নেবে না। আমাদের কাছেও সেটা গ্রহণযোগ্য না।’
শিক্ষকদের কর্মবিরতির কারণে এসব বিশ্ববিদ্যালয়ে গতকাল ক্লাস হয়নি। বিভিন্ন স্থান থেকে প্রথম আলোর প্রতিনিধিরা জানিয়েছেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষাও নেননি শিক্ষকেরা। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি, পশুপালন, ভেটেরিনারি ও মাৎস্যবিজ্ঞান অনুষদের প্রথম বর্ষে দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা ছিল। সেগুলো হয়নি। এ ছাড়া বিভিন্ন অনুষদের বেশ কয়েকটি ক্লাস-পরীক্ষা ছিল, সেগুলোও হয়নি।
গতকাল দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে দেখা যায়, অনেক শিক্ষকের অফিস কক্ষ তালা দেওয়া। শ্রেণিকক্ষগুলো ফাঁকা। তবে সিদ্ধান্ত অনুযায়ী কোনো কোনো বিভাগে পূর্বঘোষিত পরীক্ষাগুলো হয়েছে।
তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটে চলতি ২০১৫-১৬ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া প্রথম বর্ষের শিক্ষার্থী আতিক আহমেদ প্রথম আলোকে বলেন, গত রোববারই বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম ক্লাস হয়েছে। কিন্তু দ্বিতীয় দিন থেকেই ক্লাস নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন তিনি। এ জন্য তাঁর খুব খারাপ লাগছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ এইচ এম নুরুন নবী প্রথম আলোকে বলেন, ক্লাস নেওয়াটাই তাঁদের কাজ। কিন্তু এটি না নিতে বাধ্য হওয়ায় তাঁদেরও খারাপ লাগছে। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ সেশনজট ছিল, তা প্রায় শূন্যের কোঠায় নামিয়ে আনা হয়েছে। গত বছর সহিংসতার সময় শিক্ষকেরাই ছাত্রদের ডেকে ক্লাস করার অনুরোধ জানিয়েছেন। কিন্তু প্রায় আট মাস ধরে শিক্ষকেরা শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষায় ব্যাঘাত না ঘটিয়ে আন্দোলন করেছেন। এরপরও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বিষয়টি উপলব্ধি করা হলো না। আসলে তাঁদের বাধ্য করা হয়েছে।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব এ এস এম মাকসুদ কামাল প্রথম আলোকে বলেন, এবার দাবি পূরণ ছাড়া তাঁরা আন্দোলন থেকে সরে আসবেন না। তিনি বলেন, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত তাঁদের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু তাঁর প্রতিফলন নেই। তিনি বলেন, গতকাল দেশের সব কটি বিশ্ববিদ্যালয়েই কর্মবিরতি পালন করেছেন শিক্ষকেরা।
বর্তমানে সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ে শিক্ষক আছেন ১২ হাজারের কিছু বেশি। আর শিক্ষার্থী আছেন প্রায় ২ লাখ ৪০ হাজার। এই অবস্থা বেশি দিন চললে শিক্ষার্থীদের সেশনজটে পড়ার আশঙ্কা তৈরি হবে। গত কয়েক বছরে জাতীয় বিশ্ববিদ্যালয় বাদে অন্য বিশ্ববিদ্যালয়গুলোতে সেশনজট প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছিল।
শিক্ষকেরা নয় দিন সময় দিয়ে গতকাল থেকে লাগাতার কর্মবিরতি শুরু করলেও মধ্যবর্তী সময়ে সরকারের পক্ষ থেকে শুধুই আলোচনার কথা বলা হয়েছে। বাস্তবে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে শিক্ষকেরা অভিযোগ করেন।
অর্থ মন্ত্রণালয় কয়েক দিন আগে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বলেছে, সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা যাতে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড ছাড়া গ্রেড-১ ও ২ প্রাপ্য হন, সে জন্য সরকারের সিদ্ধান্তের আলোকে শিক্ষা মন্ত্রণালয় কাজ করছে। শিক্ষা মন্ত্রণালয় থেকে সুনির্দিষ্ট প্রস্তাব পাওয়া গেলে অর্থ মন্ত্রণালয় দ্রুততার সঙ্গে অনাপত্তি দেবে।
কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা প্রথম আলোকে বলেন, এখানে শিক্ষা মন্ত্রণালয়ের কিছু করার নেই। এ বিষয়ে যা করার, তা অর্থ মন্ত্রণালয়কেই করতে হবে। আর বিষয়টি একেবারেই নীতিনির্ধারণী সিদ্ধান্ত।
গতকাল এ বিষয়ে জানতে চাইলে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সমস্যা সমাধানে সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত বা আশ্বাস দিতে পারেননি। তিনি শুধু বলেছেন, সমস্যা দূর করার জন্য তিনি সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন সচিব প্রথম আলোকে বলেন, শিক্ষকেরা যদি সচিবদের উদ্দেশে ‘শিয়ালের কাছে মুরগি রাখার মতো’ এ ধরনের কথা বলেন, তাহলে আলোচনা হবে কীভাবে?
গত দুই দিনে সরকারের উচ্চপর্যায়ের একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলে জানা গেছে, খুব শিগগির শিক্ষকদের এই সমস্যা সমাধানের সম্ভাবনা কম। বরং সরকারের কেউ কেউ এখনো মনে করছেন, শিক্ষকদের দাবি যৌক্তিক নয়। তবে কয়েকজন বলছেন, শিক্ষকদের দাবি যৌক্তিক। কিন্তু সরকারের নীতিনির্ধারকদের শীর্ষ পর্যায় শিক্ষকদের অনড় অবস্থানকে ভালোভাবে নিচ্ছে না। এ কারণে দাবি পূরণে দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না।
শিক্ষা ও অর্থ মন্ত্রণালয়ের সূত্রমতে, গত ১৫ ডিসেম্বর নতুন বেতন স্কেলের প্রজ্ঞাপন জারির পরপরই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বেতন নিয়ে অর্থ মন্ত্রণালয় একটি ‘ফর্মুলা’ শিক্ষা মন্ত্রণালয়কে চিঠি দিয়ে জানায়। কিন্তু শিক্ষকেরা বলছেন, এই ‘ফর্মুলা’ বাস্তবায়িত হলে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের গ্রেড-১-এ যাওয়ার সুযোগ অর্ধেক বা তারও বেশি কমে যাবে। কারণ, বর্তমানে মোট অধ্যাপকদের ২৫ শতাংশ গ্রেড-১-এ যেতে পারেন। সেখানে এখন প্রথমে গ্রেড-২ ভুক্ত করে তাঁদের মধ্য থেকে ২৫ শতাংশ অধ্যাপককে গ্রেড-১-এর কথা বলা হচ্ছে। এটা গ্রহণযোগ্য নয়।
প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটির কর্মবিরতি: ক্যাডার ও নন-ক্যাডার বৈষম্য নিরসনসহ কয়েকটি দাবিতে প্রকৌশলী, কৃষিবিদ ও চিকিৎসক এবং ২৬টি বিসিএস ক্যাডারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারাও গতকাল থেকে দুই ঘণ্টা করে কর্মবিরতি শুরু করছেন। প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটির ডাকে দুপুর ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত এই কর্মবিরতি হচ্ছে। কর্মবিরতি চলবে ১৭ জানুয়ারি পর্যন্ত।
গত ৪ জানুয়ারি মন্ত্রিসভার বৈঠকের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংশ্লিষ্ট কয়েকজন জ্যেষ্ঠ সচিবকে ডেকে নিয়ে বেতন-সংক্রান্ত জটিলতার বিষয়টি দেখার নির্দেশ দেন। এরপর সচিবেরা প্রকৌশলী, কৃষিবিদ, চিকিৎসকসহ ২৬টি ক্যাডার কর্মকর্তাদের সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করে ফলপ্রসূ আলোচনার কথা বললেও এসব কর্মকর্তাও গতকাল থেকে দুই ঘণ্টা করে কর্মবিরতি শুরু করেছেন। বাংলাদেশ সম্মিলিত সরকারি কর্মকর্তা পরিষদও দুই ঘণ্টা কর্মবিরতি শুরু করেছে।
তবে আন্দোলনরত বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা গভর্নরের আশ্বাসে গতকাল থেকে কর্মসূচি স্থগিত রেখেছেন।
সরকারি সূত্রগুলো বলছে, প্রকৌশলী, কৃষিবিদ, চিকিৎসকসহ ২৬টি ক্যাডার কর্মকর্তাদের সংগঠনের কর্মকর্তারা সরাসরি সরকারি কর্মকর্তা হওয়ায় তাঁদের সমস্যার সমাধান সহজ মনে করা হলেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বিষয়টি নিয়ে জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
জানতে চাইলে দায়িত্বপ্রাপ্ত সচিবদের একজন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আবুল কালাম আজাদ গতকাল প্রথম আলোকে বলেন, সমস্যা সমাধানের জন্য তাঁরা আন্তরিক। তিনি মনে করেন, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব। তবে সবাইকে যৌক্তিক দাবি করা উচিত।