কর্মবিরতিতে শ্রেণি কার্যক্রম হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষকদের কর্মবিরতির কারণে গতকাল চট্টগ্রাম নগরের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শ্রেণি কার্যক্রম হয়নি। তবে বিদ্যালয়ে এসেছিল শিক্ষক–শিক্ষার্থীরা। সময় কাটাতে এই ছাত্রী শ্রেণিকক্ষে বসে কাপড়ে সুই–সুতায় নকশা এঁকেছে। ছবিটি লালখান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বেলা ১১টায় তোলা l প্রথম আলো
শিক্ষকদের কর্মবিরতির কারণে গতকাল চট্টগ্রাম নগরের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শ্রেণি কার্যক্রম হয়নি। তবে বিদ্যালয়ে এসেছিল শিক্ষক–শিক্ষার্থীরা। সময় কাটাতে এই ছাত্রী শ্রেণিকক্ষে বসে কাপড়ে সুই–সুতায় নকশা এঁকেছে। ছবিটি লালখান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বেলা ১১টায় তোলা l প্রথম আলো

জাতীয় বেতন-কাঠামোয় দশম গ্রেডে অন্তর্ভুক্তিসহ পাঁচ দফা দাবি আদায়ে গতকাল শনিবার সকাল নয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তিন ঘণ্টা কর্মবিরতি কর্মসূচি পালন করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা। অন্যদিকে তিন দফা দাবিতে পূর্ণদিবস কর্মবিরতি পালন করেন সহকারী শিক্ষকেরাও।
শিক্ষকদের কর্মসূচির কারণে চট্টগ্রাম নগরের প্রাথমিক বিদ্যালয়গুলোতে কার্যত শ্রেণি কার্যক্রম বন্ধ ছিল। গতকাল সকালে নাসিরাবাদ কলোনি সরকার প্রাথমিক বিদ্যালয়, লালখান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সরকারি ন্যাশনাল প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, প্রধান শিক্ষকেরা তাঁদের জন্য নির্ধারিত চেয়ারে বসেননি। তাঁদের চেয়ার কালো কাপড়ে ঢেকে দেওয়া হয়েছে। সহকারী শিক্ষকেরা বিদ্যালয়ে উপস্থিত হলেও শ্রেণিকক্ষে যাননি।
শিক্ষকদের কর্মবিরতি চললেও বিদ্যালয়গুলোতে ছাত্র-ছাত্রীদের উপস্থিতি ছিল। শ্রেণিকক্ষ ও বারান্দায় খেলা বা গল্পে মেতেছিল তারা।
নাসিরাবাদ কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারহানা নাজনীন ও লালখান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজাদ ইকবাল প্রথম আলোকে বলেন, তাঁরা পাঁচ দফা দাবিতে গতকাল সকাল নয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কর্মবিরতি কর্মসূচি পালন করেছেন।
অন্যদিকে লালখান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শুভ্রা দে বলেন, তিন দফা দাবি আদায়ে সহকারী শিক্ষকেরা গতকাল শ্রেণি কার্যক্রমে অংশ নেননি।
সহকারী শিক্ষকদের দাবিগুলো হলো প্রশিক্ষণপ্রাপ্ত প্রধান শিক্ষকের পরের গ্রেডে প্রশিক্ষণপ্রাপ্ত সহকারী শিক্ষকদের বেতন নির্ধারণ, শতভাগ বিভাগীয় পদোন্নতির বিধিমালা প্রণয়ন এবং প্রধান শিক্ষক পদে সরাসরি নিয়োগ বন্ধ করা।