কর্মবিরতির পাশাপাশি চলছে সমঝোতার চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপাচার্য ও সহ-উপাচার্যের পদত্যাগের দাবিতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষক সমিতির কর্মবিরতি চলছে, পাশাপাশি সমঝোতার চেষ্টাও চলছে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ দ্বিতীয়বারের মতো আন্দোলনরত শিক্ষক সমিতি ও বুয়েটের উপাচার্যের সঙ্গে আলাদাভাবে কথা বলেছেন।শিক্ষামন্ত্রী প্রথম আলোকে বলেন, ‘আমরা সমস্যা সমাধানে চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা আশাবাদী, শিগগিরই সমস্যা সমাধান হবে।’মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, বুয়েট ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চলমান সমস্যা নিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী গত ৩০ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন। এরপর মন্ত্রী বুয়েটের দুই পক্ষ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে আলাদাভাবে কথা বলেন।শিক্ষা মন্ত্রণালয় ও বুয়েটের সূত্রে জানা গেছে, আন্দোলনরত বুয়েট শিক্ষক সমিতির নেতারা মঙ্গলবার রাতে শিক্ষামন্ত্রীর বাসায় গিয়ে তাঁর সঙ্গে বৈঠক করেন। রাত আটটা থেকে পৌনে ১১টা পর্যন্ত এই বৈঠক হয়। আর গতকাল বুয়েটের উপাচার্য এস এম নজরুল ইসলামের সঙ্গে কথা বলেন শিক্ষামন্ত্রী। জানতে চাইলে বুয়েট শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমাদের বক্তব্য মন্ত্রীকে বিস্তারিত জানিয়েছি। উনি বিষয়গুলো গুরুত্বের সঙ্গে নিয়েছেন। সরকারের পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’বুয়েটের উপাচার্য বলেছেন, মন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। এখন সমিতির সঙ্গে আবারও কথা বলে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।এর আগে সাবেক দুজন উপাচার্য ইকবাল মাহমুদ ও এম এইচ খান এবং সাবেক শিক্ষার্থী হিসেবে ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্সের সভাপতি নূরুল হুদা ও বুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতা সিরাজুল মজিদের মধ্যস্থতায় উপাচার্য ও আন্দোলনরত শিক্ষকদের মধ্যে কয়েক দফা বৈঠক হয়।এদিকে গত মঙ্গলবার অনুষ্ঠিত বুয়েটের সিন্ডিকেট সভায় কর্মবিরতি প্রত্যাহার করে শিক্ষা কার্যক্রম শুরু করার জন্য শিক্ষকদের প্রতি পুনরায় অনুরোধ জানানো হয়েছে। মেধাবীদের পীঠস্থান বুয়েটে ৭ এপ্রিল থেকে কর্মবিরতি পালন করছে শিক্ষক সমিতি। উপাচার্য ও সহ-উপাচার্যের পদত্যাগ এবং সহ-উপাচার্যের পদ বিলুপ্তির দাবিতে শুরু হওয়া এই আন্দোলনে পুরো বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা চলছে।