রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির তৃতীয় দিনে হাসপাতালের উপপরিচালক আবু তাহের মোহাম্মদ আনোয়ারুল হককে বদলি করা হয়েছে।
উদ্ভূত সমস্যার সমাধানে কোনো উদ্যোগ না নিয়ে এ মুহূর্তে হাসপাতালের পরিচালকের দায়িত্বে নিয়োজিত উপপরিচালককে কুড়িগ্রাম ১০০ শয্যা জেলা হাসপাতালে তত্ত্বাবধায়ক পদে বদলি করা হয়েছে। সেখান থেকে তত্ত্বাবধায়ক অজয় কুমার রায়কে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের যুগ্ম সচিব এ কে এম ফজলুল হক স্বাক্ষরিত একটি ফ্যাক্স গতকাল বৃহস্পতিবার হাসপাতালে এসে পৌঁছায়। বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পরিচালক শফিকুল ইসলাম।
কর্মবিরতি চলাকালে পরিচালককে বদলির ঘটনায় হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এ নিয়ে কেউ কথা বলতে চাইছেন না। অধিকাংশ কর্মচারীর ভাষ্য, এখানে প্রশাসন নেই বললেই চলে। এমনিতেই এক মাস আগে পরিচালক অবসরে গেছেন। ভারপ্রাপ্ত পরিচালকের দায়িত্ব দেওয়া হয় উপপরিচালককে। আর একজন রয়েছেন সহকারী পরিচালক। এমন পরিস্থিতিতে প্রশাসনিক ব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক জ্যেষ্ঠ এক চিকিৎসক বলেন, এ মুহূর্তে ইন্টার্ন চিকিৎসকদের নিয়ে জরুরি বৈঠক হওয়া প্রয়োজন। কিন্তু তা না হয়ে বদলি করা হলো। এর ফলে এখানকার সমস্যা দূর না হয়ে বরং অন্যদিকে মোড় নিল।
এদিকে তৃতীয় দিনের মতো ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি বহাল থাকায় রোগীদের দুর্ভোগ আরও বেড়ে গেছে।
ইন্টার্ন চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক আহমেদ উল বারী বলেন, চিকিৎসকদের নিরাপত্তাসহ ছয় দফা দাবি বাস্তবায়নে সুষ্ঠু কোনো সমাধান না পেলে কর্মবিরতি অব্যাহত থাকবে।
গত সোমবার রাতে ইন্টার্ন চিকিৎসকদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি মাহফুজুল হক তালুকদারকে মারপিট করা হয়। তিনি হাসপাতালে চিকিৎসাধীন।