৭২ ঘণ্টার মধ্যে সুন্দরবনের শ্যালা নদীর নৌপথ চালু না করলে সারা দেশে ৬ জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির হুমকি দিয়েছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন। গতকাল শুক্রবার মংলা শ্রমকল্যাণ সড়কের সামনে এক সমাবেশে এ হুমকি দেন ফেডারেশনের সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম।
চৌধুরী আশিকুল আলম বলেন, ‘আমরা সুন্দরবন ও পরিবেশের বিপক্ষে নই। সুন্দরবনের শ্যালা নৌপথ চালু করার আগে আমরা বারবার সরকারকে বলেছি, মংলা-ঘষিয়াখালী চ্যানেল খনন করে নৌযোগাযোগ স্বাভাবিক রাখতে। কিন্তু¦সরকার তখন সে বিষয়ে গুরুত্ব দেয়নি। ৯ ডিসেম্বর সুন্দরবনের শ্যালা নদীতে তেলবাহী জাহাজডুবির পর থেকে ওই পথ দিয়ে সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। শ্যালার নৌপথ বন্ধ থাকায় বাগেরহাটের শরণখোলা, সন্ন্যাসী, পিরোজপুরের কাউখালী, ঝালকাঠি ও মংলা রুটে তেলবাহী ও মালবাহী পাঁচ শতাধিক ছোট-বড় নৌযান আটকা পড়েছে। ওসব নৌযানে কর্মরত প্রায় ছয় হাজার কর্মচারী অনাহারে-অর্ধাহারে জীবনযাপন করছে। তিনি আরও বলেন, ‘মংলা-ঘষিয়াখালী চ্যানেল চালু না করা পর্যন্ত তিন দিনের মধ্যে সরকার সুন্দরবনের শ্যালা নৌপথটি চালু না করলে ৬ জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের নৌযান শ্রমিকদের কর্মবিরতিসহ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।’
ফেডারেশনের প্রচার সম্পাদক শেখ আবুল কাশেম বলেন, ‘সুন্দরবনের ক্ষতি হোক এটা আমরা চাই না। কিন্তু¦এক যুগেরও বেশি সময় ধরে কার অবহেলায় মংলা-ঘষিয়াখালী চ্যানেলটি বন্ধ হলো, এটা আমরা জানতে চাই।’