কর্মব্যস্ত চওড়া পালপাড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুর উপজেলার চওড়া পালপাড়া গ্রামের সবাই এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন। রাত-দিন সমানতালে খেলনাসহ হরেক পণ্য তৈরি করে চলেছেন তাঁরা। রোদে শুকানোর পর দেওয়া হচ্ছে রং-তুলির আঁচড়। পয়লা বৈশাখকে ঘিরে তাঁদের এই কর্মব্যস্ততা।
উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের চওড়া পালপাড়া গ্রামে ৩০০ কুমার পরিবার রয়েছে। পাশের চিকলী ও যমুনেশ্বরী নদীর পলিমাটি সংগ্রহ করে পরিবারগুলো মাটির তৈজসপত্র, হাঁড়ি, কলসি, সানকি, পিঠা তৈরির সরঞ্জাম প্রভৃতি তৈরি করে। এর পাশাপাশি কেউ কেউ গড়েন খেলনা। গতকাল শনিবার গ্রামটিতে গিয়ে দেখা যায়, বৈশাখ সামনে রেখে তাঁদের ব্যস্ততা বেড়ে গেছে। কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, ঈদ, দুর্গাপূজা, মহররম ও গ্রামীণ মেলায় এসব পণ্যের ব্যাপক চাহিদা। এর মধ্যে খেলনার চাহিদা বেশি।
কথা হয় গৃহবধূ সরস্বতী পালের সঙ্গে। তিনি বলেন, ‘সপ্তাহ দুয়েক পর পয়লা বৈশাখ। হাতে বেশি সময় নেই। বৈশাখী খেলনায় রং করার কাজে স্বামীকে সহযোগিতা করছি।’
সরস্বতীর স্বামী দীপক পাল বলেন, ‘বৈশাখী মেলা উপলক্ষে আমরা দুই মাস ধরে কাজ করছি। মাটি দিয়ে খেলনা তৈরি, পোড়ানো ও রং করা অনেক কষ্টের কাজ। এক-দুই দিনের মধ্যে ট্রাক আসবে। মাঝেমধ্যে বৃষ্টি ও আকাশ মেঘলা থাকায় খেলনা ও মাটির তৈরি জিনিসপত্র শুকাতে সমস্যা হচ্ছে। বিভিন্ন স্থান থেকে গ্রামের লোকজন এবার অন্তত পাঁচ লাখ টাকার অর্ডার পেয়েছেন।’
খেলনা তৈরি করছিলেন গোপাল চন্দ্র রায়। এর পাশাপাশি তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় নেতাদের প্রতিকৃতি, রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুল ইসলামের আবক্ষ মূর্তি বানাচ্ছেন। অজয় পাল বলেন, ‘পুঁজি-সংকটে আমাদের অনেকেই পেশা ছেড়ে দিচ্ছেন। পালপাড়ার কুমারেরা ভালো কাজ করতে চান। প্রতিটি খেলনার পাইকারি দাম ১০-২০০ টাকা। এনজিও থেকে টাকা নিয়ে অনেকেই কাজ করছেন। ব্যাংক থেকে জামানতবিহীন ঋণ পেলে আরও বেশি সুবিধা হতো।’
আরও কয়েকজন বলেন, সাধারণত মৃৎপাত্রগুলো কুমার পরিবারের নারী-পুরুষ উভয়ে মিলে তৈরি করে থাকেন। বিভিন্ন এলাকার পাইকারেরা এগুলো কিনে নিয়ে যান। অনেকে আবার ফেরি করে বিক্রি করেন। বর্ষা মৌসুমে কাজ বন্ধ থাকলে কুমারদের অবস্থা সবচেয়ে খারাপ হয়। এ সময় কুমারেরা সারা বছর কাজ করার জন্য এঁটেল মাটিসহ প্রয়োজনীয় কাঁচামাল সংগ্রহে নেমে পড়েন। পুঁজির অভাবে অনেকে মহাজনের কাছ থেকে চড়া সুদে ঋণ নেন। শুষ্ক মৌসুমে কাজ করে যা উপার্জন হয়, এর সিংহভাগই চলে যায় মহাজনের ঋণ পরিশোধ করতে।
সৈয়দপুর বণিক সমিতির সভাপতি ইদ্রিস আলী বলেন, ‘পালপাড়ার কুমারেরা ভালো কাজ করছেন। তাঁদের জন্য অবশ্যই পৃষ্ঠপোষকতা প্রয়োজন। তাঁদের জন্য ঋণের ব্যবস্থা করা যায় কি না, সে বিষয়ে বাণিজ্যিক ব্যাংকগুলোর সঙ্গে কথা বলেছি।’