কর্মমুখর কাউনিয়ার টুপিপল্লি

রংপুরের কাউনিয়া উপজেলার বিভিন্ন গ্রামের নারীরা এখন ব্যস্ত সময় পার করছেন। ঈদুল ফিতর সামনে রেখে সেখানে টুপি তৈরির ধুম পড়েছে। টুপির জোগান দিতে দিনরাত নারীরা নকশার কাজ করছেন। তাঁদের বানানো টুপি দেশের সীমানা ছাড়িয়ে মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন মুসলিমপ্রধান দেশের বাজারে স্থান করে নিয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, এই উপজেলার ছয়টি ইউনিয়নের ৫০টি গ্রামের অন্তত ২০ হাজার নারী টুপিতে নকশার কাজ করেন। এর মাধ্যমে সংসারে অর্থ জোগান দিচ্ছেন তাঁরা। দারিদ্র্যকে জয় করে তাঁদের সংসারে এসেছে স্বাচ্ছন্দ্য।
উপজেলা সদর থেকে চার কিলোমিটার দূরে শাহবাজ গ্রাম। বেশির ভাগ বাড়িতে টিনের চালা। খড়ের কুঁড়েঘর নেই বললেই চলে। কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, ১৪ বছর আগে এ গ্রামের আবদুল আউয়াল মণ্ডলের হাত ধরে ১৫ জন নারী টুপিতে নকশার কাজ শুরু করেন। এখন এ গ্রামেরই ৮০০ নারী টুপিতে নকশার কাজ করছেন। তাঁদের সাফল্য দেখে পার্শ্ববর্তী এলাকার নারীরাও উদ্বুদ্ধ হন। থানাপাড়া, খোপাতি, হলদিবাড়ী, শহীদবাগ, হারাগাছ, রাজিব, গনাই, নিজপাড়া, ঢুষমারা, হয়বৎখাঁ, নাজিরদহ, গদাই, পাঞ্জর ভাঙ্গার, গোপীডাঙ্গা, প্রাণনাথসহ ৫০টি গ্রামের নারীরা টুপিতে নকশার কাজ করছেন।
সম্প্রতি এসব গ্রামে গিয়ে দেখা যায়, কারও হাতে সাদা কাপড়, আবার কারও হাতে হরেক রঙের কাপড়। সুইয়ের ফোঁড়ে নান্দনিক নকশায় ফুটে উঠেছে একেকটা কাপড়ে। বিশেষ কায়দায় সেলাই ও ভাঁজ করে কাপড়গুলো দিয়ে বানানো হচ্ছে টুপি। নানান বয়সী নারীরা টুপি বানাচ্ছেন। কেউ রান্না করছেন, সঙ্গে চলছে টুপিতে নকশা তোলার কাজ। কেউ বিশ্রাম নিচ্ছেন, কিন্তু থেমে নেই নকশার কাজ। কেউ গরু চরাতে মাঠে গেছেন, সেখানেও চলছে নকশার কাজ। উঠানে গল্প করতে করতেও চলছে হাতের কাজ।
মাঝিপাড়া গ্রামের লাভলী আক্তার রান্না করার ফাঁকে ফাঁকে টুপির কাজ করছেন। তিনি বলেন, সংসারের অন্য কাজের সঙ্গেই এ কাজ করা যায়। প্রতি মাসে তিনি ৮-১০টি টুপিতে নকশা করেন। এতে তাঁর প্রায় চার হাজার টাকা আয় হয়।
পাঁচ বছর আগেও নিজপাড়া গ্রামের আনুফা বেগমের ভিটেমাটি ছাড়া কিছুই ছিল না। এখন টিনের ঘর ও ৩৮ শতক নিজের জমি আছে। গাছপালায় ঘেরা বাড়িতে হাঁস, মুরগি, ছাগল ও গাভি পালন করেন। টুপিতে নকশার কাজ করে মাসে তাঁর আয় পাঁচ হাজার টাকা। তাঁর সন্তানেরা বিদ্যালয়ে পড়ছে।
পাঞ্জর ভাঙ্গার গ্রামের রোজিনা খাতুনের (২৬) বিয়ে হয় ১৫ বছর বয়সে। আগে ভূমিহীন স্বামীর আয়ে সংসার চলত না। দুই সন্তান নিয়ে প্রায়ই উপোস থাকতে হতো। টুপিতে নকশা তোলার কাজ করে তাঁর সংসারে অভাব ঘুচেছে।
শাহবাদ গ্রামের টুপিতে নকশা তোলার কারিগর সিদ্দিকা খাতুন বলেন, সাদা কাপড় কেটে টুপি তৈরির উপযুক্ত করা হয়। কাটিং কারিগর প্রতি টুপিতে ১০ টাকা মজুরি পান। এর মধ্যে নকশা করতে হয়। এরপর মেশিনে সেলাই করে নানা ডিজাইন বা নকশা করা হয়। প্রতিটি টুপি সেলাইয়ের জন্য শ্রমিকেরা ৪০ টাকা পান। নারীরা সুই-সুতা দিয়ে নকশা করার জন্য পারিশ্রমিক পান ৪৫০-৫৫০ টাকা।
ওই গ্রামের আরেক কারিগর আছমা খাতুন বলেন, টুপির দুটি অংশ থাকে। নকশা তোলার পর তা টুপি ব্যবসায়ীদের কাছে পাঠানো হয়। সাধারণত টুপির ওপর ও নিচের দুটি অংশে বিভিন্ন রঙের রেশমি সুতা দিয়ে কারুকাজ করা হয়। কাজ শেষে গ্রামের নারীরা টুপির দুটি অংশ ব্যবসায়ীদের এজেন্টের কাছে জমা দেয়। এরপর তাদের মজুরি পরিশোধ করে নতুন কাজের জন্য কাপড় ও সুই দেওয়া হয়। নকশাভেদে এসব টুপি হয় দুই রকম—হাফ দানা ও ফুল দানা। একটি হাফ দানা টুপির নকশার মজুরি ৫৫০ টাকা। আর ফুল দানার মজুরি ৪৫০ টাকা।
কাউনিয়ার টুপি ব্যবসায়ী আবদুল আউয়াল বলেন, প্রতি মাসে তিনি গড়ে ৯০০ টুপি বিদেশে পাঠান। সেখানে প্রতিটি টুপি ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়। কাউনিয়াসহ রংপুরের বিভিন্ন গ্রামে তৈরি টুপি মধ্যপ্রাচ্যের বাজারে সুনাম অর্জন করেছে।
ফেনীর ব্যবসায়ী মিলন রহমান বলেন, কাউনিয়ায় তাঁর এজেন্ট রয়েছেন। তাঁর মাধ্যমে নারীদের কাছে টুপি তৈরির উপকরণ পৌঁছে দেন। তিনি প্রতি মাসে গড়ে সাড়ে ৪০০ টুপি বিদেশে পাঠান। এবারের ঈদে তিনি ৭০০ টুপি রপ্তানি করবেন।