কর্মমুখর ছুটির দিন!
প্রতি বৃহস্পতিবার রাতে গ্রামের বাড়ি চাঁদপুর যান মতিঝিল এলাকার একটি রেস্তোরাঁকর্মী আবদুর রহিম। শুক্র ও শনিবার ছুটি কাটিয়ে শনিবার রাতে আবার ফেরেন ঢাকায়। বিগত কয়েক বছরে এর ব্যত্যয় ঘটেনি। কিন্তু গতকাল বৃহস্পতিবার বাড়ি যাননি তিনি। আজ শুক্রবারও যাবেন না। কেননা, আজ তাঁদের রেস্তোরাঁ সারা দিন খোলা থাকবে। অথচ মতিঝিল অফিসপাড়ার বেশির ভাগ রেস্তোরাঁ শুক্রবার বন্ধ থাকে।
আজ সাপ্তাহিক ছুটির দিন। সাধারণত সাপ্তাহিক ছুটির দিনে ব্যাংকসহ দেশের সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকে। রাস্তাঘাট থাকে অনেকটা ফাঁকা। কিন্তু আজ এর ব্যতিক্রম ঘটবে বলে মনে করছেন নগরবাসী। পরপর দুই সপ্তাহে সাকল্যে ১৮-দলীয় জোটের নয় দিনের অবরোধের পর আজ একটি মুক্ত দিন পাচ্ছেন তাঁরা। আজ দেশের সব বাণিজ্যিক ব্যাংক খোলা থাকবে। খোলা থাকবে বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান, পাইকারি ও খুচরা বাজার। ধারণা করা হচ্ছে, আজ নগরের রাস্তাঘাটে সপ্তাহের সাধারণ কর্মদিবসের মতো যানবাহনের উপস্থিতি থাকবে। যানজটও দেখা যেতে পারে।
গতকাল রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, স্থানীয় বিপণিকেন্দ্রগুলো শুক্রবার খোলা রাখার ঘোষণা-সংশ্লিষ্ট নোটিশ টাঙানো। বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে আজ বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
রাজধানীর চকবাজার এলাকায় গিয়ে দেখা যায়, সেখানকার বেশির ভাগ প্রতিষ্ঠানে মালামাল ওঠা-নামার কাজ চলছে। বেগমবাজার মৌলভীবাজার বণিক সমিতির সভাপতি দীন মোহাম্মদ জানান, ‘আমাদের এ এলাকার সব প্রতিষ্ঠান পাইকারি। সারা দেশ থেকে ব্যবসায়ীরা আসেন এখানে মাল কিনতে। কিন্তু গত প্রায় নয়টি দিন মার্কেটের বাইরে মালামাল পৌঁছাতে পারেননি। বৃহস্পতিবার বিকেল থেকে পুরোদমে মালামাল ওঠা-নামা শুরু হয়েছে। শুক্রবার এ এলাকার সব মার্কেট খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছি আমরা।’
মতিঝিল অফিসপাড়ার খাবারের দোকানগুলোও আজ খোলা থাকবে বলে জানান ব্যবসায়ীরা। দৈনিক বাংলা মোড়ের হোটেল বাদশার উদ্যোক্তা তানভীর রানা জানান, শুক্রবার দুপুরের জুমার নামাজের বিরতি দিয়ে সারা দিনই তাঁদের প্রতিষ্ঠান খোলা থাকবে। তিনি বলেন, ‘এই কয়েক দিন দোকান খুলেছি। কিন্তু ক্রেতা এত কম এসেছে যে কর্মচারীদের সাপ্তাহিক বেতনও দিতে পারিনি।’
পুরান ঢাকার ইসলামপুর, ধোলাইখাল, নবাবপুরের সব ধরনের প্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ীরা। ধোলাইখালের ট্রাক্টর পার্টস বিক্রয় প্রতিষ্ঠান ইউসুফ অ্যান্ড ব্রাদার্সের আইয়ুব আলী বলেন, ‘জুমার দিন দোকান খোলা রেখেছি এমন ঘটনা অতীতে ঘটেনি। কিন্তু এখন বাধ্য হয়েই দোকান খোলা রাখতে হচ্ছে। এমনিতে অনেক লোকসান হয়ে গেছে।’