কর্মমুখর তেঁতুলিয়ার টুপিপল্লি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টুপি তৈরি শেষে গুছিয়ে রাখছেন কারিগরেরা। ছবিটি গত শনিবার তোলা l প্রথম আলো
টুপি তৈরি শেষে গুছিয়ে রাখছেন কারিগরেরা। ছবিটি গত শনিবার তোলা l প্রথম আলো

কদিন পরই পবিত্র ঈদুল ফিতর। এই উৎসবে পায়জামা-পাঞ্জাবির সঙ্গে চাই নতুন টুপি। এর জোগান দিতে দিনরাত কাজ করছেন পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার মাথাফাটা গ্রামের কারিগরেরা। এখানকার তৈরি টুপি বিদেশেও রপ্তানি হচ্ছে।
মাথাফাটা গ্রামটি এখন টুপিপল্লি হিসেবে পরিচিত। এ গ্রামে গড়ে উঠেছে মেসার্স আল তামিম, ওসমান, আলিঙ্গন, আল ইকরা ও মেসার্স আল খাইয়্যাত ক্যাপ ইন্ডাস্ট্রিজ। এসব কারখানায় কাজ করে বেকার যুবক এবং দুস্থ নারীরা জীবিকা নির্বাহ করছেন। এখানে তৈরি টুপির ক্রেতাদের বেশির ভাগই ঢাকা ও বিভাগীয় শহরের ব্যবসায়ী। এ ছাড়া যশোর, টাঙ্গাইল, নওগাঁ, বগুড়া, রংপুর, দিনাজপুরসহ বড় শহরগুলোতে পাইকারি ও খুচরা বিক্রি হচ্ছে। পাশাপাশি কিছু ব্যবসায়ী পাকিস্তান, সৌদি আরব, জাপানসহ কয়েকটি দেশে টুপি রপ্তানি করছেন।
কারখানার মালিকেরা বলেন, এখানকার তৈরি টুপি মান, আকার ও প্রকারভেদে প্রতিটি ৬০ থেকে ২২০ টাকায় বিক্রি হয়। একেকটি টুপিতে লাভ হয় ১০-২০ টাকা। সুতা, কাপড় ও জরির দাম বেড়ে যাওয়ায় টুপির উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে। চীন থেকে আমদানি করা টুপির সঙ্গে পাল্লা দেওয়া যাচ্ছে না। বর্তমানে কারখানাগুলোতে প্রায় তিন শ জন শ্রমিক কাজ করছেন। কারিগরেরা টুপি তৈরির কাজ করে মাসে পাঁচ-ছয় হাজার করে টাকা আয় করে থাকেন। আবার নারী শ্রমিকেরা সংসারের কাজের ফাঁকে কারখানায় প্রতিদিন চার-পাঁচ ঘণ্টা কাজ করেন। আশপাশের নারী শ্রমিকেরা হাতের কাজ করার জন্য কিছু টুপি বাসায় নিয়ে যান। এভাবে তাঁরা প্রতি মাসে বাড়িতে বসেই তিন থেকে চার হাজার টাকা আয় করে থাকেন।
গত রোববার হারুন উর রশিদের আল ইকরা ক্যাপ ইন্ডাস্ট্রিজে গিয়ে দেখা যায়, তিনি টুপি তৈরির কাজ তদারক করছেন। কুলসুম, রহিমা, রাবেয়া, উম্মে কুলসুমসহ শ্রমিকেরা কাজ করছেন। আল ইকরা ক্যাপ ইন্ডাস্ট্রিজের মালিক হারুন উর রশিদ বলেন, এখানকার তৈরি টুপির চাহিদা অনেক। কিন্তু পুঁজিসংকট রয়েছে। স্বল্প সুদে ঋণ পাওয়া যায় না। কারখানার মালিকেরা চীন থেকে আমদানি করা টুপির ওপর কর আরোপের দাবি জানান।
শ্রমিক শামসুন নাহার বলেন, দিনে ২০-২৫টি টুপি তৈরি করা যায়। প্রতিটির মজুরি ১০-২০ টাকা।
ইউএনও শেখ মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, এই গ্রামে প্রথমে আবদুল হান্নান টুপির তৈরির কারখানা চালু করেন। এরপর আরও চারজন চালু করেছেন। এসব কারখানায় কাজ করে গ্রামের চিত্র বদলে গেছে।