কর্মমুখর হচ্ছে ঢাকা, সদরঘাটে দুর্ভোগ

টানা নয় দিনের ছুটির ফাঁদ শেষ। এবার কাজে মন দেওয়ার পালা। রাজধানীর বিভিন্ন অফিস-আদালত আজ থেকেই কর্মমুখর হয়ে উঠেছে। তবে আজও ছিল ছুটি শেষে ঢাকামুখী মানুষের ভিড়।
ঢাকা নদীবন্দর সূত্রে জানা গেছে, গতকাল ভোররাত চারটা থেকে দুপুর পর্যন্ত দক্ষিণাঞ্চল থেকে ৮১টি লঞ্চ এসেছে। সবগুলো লঞ্চ অতিরিক্ত যাত্রী ও মালামাল বোঝাই ছিল। সদরঘাট টার্মিনাল এলাকায় যানবাহনের সংকট থাকায় দক্ষিণাঞ্চল থেকে ফেরা লঞ্চের যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। বেশির ভাগ যাত্রী হেঁটেই গুলিস্তানের দিকে রওনা হন।
বরগুনা থেকে আসা টিপু-৩ লঞ্চের যাত্রী আলী আহাম্মদ বলেন, ভোর পাঁচটার দিকে তিনি সদরঘাট টার্মিনালে আসেন। কচুক্ষেত যাওয়ার জন্য সিএনজিচালিত অটোরিকশার চালক ভাড়া চান ৮০০ টাকা। তিনি আক্ষেপ করে বলেন, ‘ঈদের এক সপ্তাহ আগে সিএনজিতে টার্মিনালে এসে ভাড়া দিয়েছি ৩০০ টাকা।’ সদরঘাটে দুই ঘণ্টা অপেক্ষা করে মালামাল ও পরিবার নিয়ে ভ্যানে করে তিনি গুলিস্তানে রওনা হন।
বরিশালের হুলারহাট থেকে আসা অগ্রদূত প্লাস লঞ্চের যাত্রী নুরুন্নাহার বেগম বলেন, ‘সকাল সাড়ে নয়টার দিকে টার্মিনালে এসেছি। ধামরাই যাব। যানবাহন পাচ্ছি না। প্রায় তিন ঘণ্টা অপেক্ষা করে মাল নিয়ে বাস ধরতে যাচ্ছি ভিক্টোরিয়া পার্কে।’
বরিশাল থেকে আসা দ্বীপরাজ লঞ্চের যাত্রী হোসেন আলী বলেন, বরিশাল থেকে ঢাকা আসতে লঞ্চে প্রতিজনের কাছ থেকে ৪০-৫০ টাকা করে বেশি নিচ্ছে। অথচ লঞ্চ কর্তৃপক্ষ বলছেন, এবার ঈদে লঞ্চের ভাড়া কম নেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, ঈদ মৌসুমে লঞ্চে যাতায়াতে যাত্রীরা এমনিতেই ভোগান্তিতে থাকে। তাই সরকারের এগুলো দেখা উচিত।
অভ্যন্তরীণ নৌ-চলাচল সংস্থা ঢাকা নদীবন্দরের আহ্বায়ক সিদ্দিকুর রহমান বলেন, যাঁরা লঞ্চে ভাড়া বৃদ্ধির বিষয়ে অভিযোগ করেছেন, তাঁরা হয়তো লঞ্চে নিয়মিত যাতায়াত করেন না। তিনি আরও বলেন, এবার ঈদে সরকারের নির্ধারিত হারেই নিয়মিত ভাড়ার চেয়ে ১০ শতাংশ কম ভাড়া নেওয়া হয়েছে।
নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের যুগ্ম পরিচালক সাইফুল হক খান বলেন, যাত্রীদের নিরাপদে ঢাকায় ফেরার জন্য বিআইডব্লিউটিএর সব কর্মকর্তা-কর্মচারী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ঢাকায় ফেরা যাত্রীদের নিরাপত্তার জন্য টার্মিনাল এলাকায় পুলিশ, আনসার, কোস্টগার্ড ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন তত্পর রয়েছে। তিনি আরও বলেন, আশা করা যাচ্ছে, কাল থেকে যাত্রীর চাপ কমতে থাকবে এবং ৫ তারিখের পর যাত্রীর চাপ স্বাভাবিক হয়ে যাবে।