কর্মশালা
আমদানি পণ্য শুল্কায়নের জন্য অনলাইনে সঠিকভাবে আমদানির সাধারণ তথ্য দাখিল নিয়ে দুই দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম নগরের আগ্রাবাদে ফ্রেইট ফরোয়ার্ডার অ্যাসোসিয়েশন কার্যালয়ে এ কর্মশালা শুরু হয়। আমদানি-রপ্তানি পণ্য ক্রেতার কাছে পৌঁছে দেওয়ার দায়িত্বে নিয়োজিত প্রতিষ্ঠানগুলোর সংগঠন ফ্রেইট ফরোয়ার্ডার অ্যাসোসিয়েশন এ কর্মশালার আয়োজন করেছে। কর্মশালায় বিভিন্ন ফ্রেইট ফরোয়ার্ডার প্রতিষ্ঠানের ১০৭ জন কর্মকর্তা অংশ নেন। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, অনলাইনে আমদানির সাধারণ তথ্য বা আইজিএম দাখিলের মাধ্যমে আমদানি পণ্য শুল্কায়নের প্রাথমিক প্রক্রিয়া শুরু হয়। আমদানি পণ্য শুল্কায়নে নতুন পদ্ধতিতে আইজিএম দাখিল নিয়ে নানা জটিলতা তৈরি হচ্ছে। এসব জটিলতা নিরসনে এ কর্মশালা ভূমিকা রাখবে। কর্মশালা পরিচালনা করেন মো. মনিরুজ্জামান রিয়াজ, মো. মোসলেহ উদ্দিন মাহমুদ ও শেখ মো. সামিদুল হক।