কর্মশালা
টাঙ্গাইলের মির্জাপুরে গার্মেন্টস নারী শ্রমিক নেতৃত্ব উন্নয়ন কর্মসূচিবিষয়ক কর্মশালা হয়েছে। গতকাল শুক্রবার মির্জাপুর প্রেসক্লাব মিলনায়তনে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন এই কর্মশালার আয়োজন করে। এতে ইংল্যান্ডের শ্রমিক সংগঠন ট্রেড ইউনিয়ন কংগ্রেসের সহায়তায় লিঙ্গ সমতা ও বৈষম্যসম্পর্কিত আইন বিষয়ে আলোচনা হয়। কর্মশালায় কমফিট কম্পোজিট নিট লিমিটেড, ইয়ুথ স্পিনিং মিল, খান টেক্সটাইল, সাউথ-ইস্ট টেক্সটাইল, নাহিদ কটন মিল, এটিএম নিট ফ্যাশন ও তানিয়া টেক্সটাইলের ২৫ জন নারী শ্রমিক অংশ নেন। শ্রমিকদের প্রশিক্ষণ দেন জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট নুরুন্নাহার বেগম ও কর্মসূচি সমন্বয়কারী হিরা বিশ্বাস। কর্মশালায় জেলা জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি খালিদ হোসেন ও প্রেসক্লাবের সভাপতি নিরঞ্জন পাল বক্তব্য দেন। মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি|