কর্মশালায় খাদ্যশস্যের দাম বাড়ার কারণ অনুসন্ধান
দেশে খাদ্যশস্যের দাম বাড়ার কারণ অনুসন্ধানে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় গতকাল মঙ্গলবার এক কর্মশালার আয়োজন করেছিল। সংশ্লিষ্ট মন্ত্রী, সচিব ও দেশের প্রথিতযশা কয়েকজন অর্থনীতিবিদ এতে অংশ নেন। সেখানে বিষয়টি নিয়ে নানামুখী আলোচনা হয়। কিন্তু দাম বাড়ার নির্দিষ্ট কোনো কারণ খুঁজে পাওয়া যায়নি।রাজধানীর সিরডাপ মিলনায়তনে গতকাল বিকেলে অনুষ্ঠিত ‘খাদ্যশস্যের বাজার পরিস্থিতি: দাম এবং সরকারের উদ্যোগ’ শীর্ষক এই কর্মশালায় মন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, যথেষ্ট পরিমাণে উৎপাদন হওয়া সত্ত্বেও খাদ্যের দাম কেন বাড়ছে তা নিয়ে সরকার উদ্বিগ্ন। পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ বলে উল্লেখ করে তিনি বলেন, গত বছর ধানের দাম এমনভাবে কমেছিল যে কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছিল। সরকার অনেক চেষ্টা করেও দাম বাড়াতে পারেনি। আর এ বছর বাজারে চালের যথেষ্ট সরবরাহ থাকা সত্ত্বেও দাম বাড়ছে।কর্মশালায় উপস্থাপিত মূল প্রবন্ধে খাদ্য বিভাগের সচিব বরুণ দেব মিত্র বলেন, গত তিন বছরে দেশে খাদ্য উৎপাদন বেড়েছে। বর্তমানে চালের দাম বাড়লেও তা ভারতের দাম বৃদ্ধির চেয়ে কম। চালের দাম নিয়ন্ত্রণে সরকার অভ্যন্তরীণ সংগ্রহ কমিয়ে ভারত, ভিয়েতনাম, থাইল্যান্ড থেকে চাল আমদানির উদ্যোগ নিয়েছে।সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, কৃষক ও খুচরা পর্যায়ে দামের মধ্যে ব্যাপক পার্থক্য দেখা যায়। বাজারে দাম বৃদ্ধি রোধে সরকারি খাদ্য মজুদ বাড়ানোর পরামর্শ দিয়ে তিনি চালের দাম নিয়ন্ত্রণে ও কৃষকদের ন্যয্যমূল্য দিতে উৎপাদন থেকে মিল পর্যন্ত কৃষক সমবায় ব্যবস্থা গড়ে তোলার পরামর্শ দেন। তিনি বলেন, খাদ্যের দাম বৃদ্ধির কারণ চিহ্নিত করতে হলে উৎপাদনসংক্রান্ত বাস্তব তথ্য সংগ্রহ করতে হবে। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক মোস্তফা কামাল মুজেরি বলেন, সরকারি সংস্থাগুলোর তথ্য অনুযায়ী দেশে খাদ্য উদ্বৃত্ত থাকার কথা। দেশে মাথাপিছু চালের ভোগ ১৬ আউন্স ধরে হিসাব করা হয়। কিন্তু পরিসংখ্যান ব্যুরোর পরিসংখ্যানে দেখা গেছে, চালের ভোগ একেক পরিবারে একেক রকম। দেশে খাদ্যের দাম বৃদ্ধির জন্য আন্তর্জাতিক বাজারকে দায়ী করা প্রসঙ্গে তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে কোনো পণ্যের দাম ১০ শতাংশ বাড়লে দেশে তার প্রভাব পড়ে ৩ শতাংশ। ইকোনমিক রিসার্চ গ্রুপের নির্বাহী পরিচালক সাজ্জাদ জহির খাদ্য আমদানির প্রক্রিয়া সহজ করার ওপর জোর দিয়ে বলেন, গত বছর খাদ্যের দাম বৃদ্ধির বেশকিছু আলামত পাওয়া যাচ্ছিল। কিন্তু গড়িমসির কারণে দাম কম থাকা অবস্থায় আমদানি করা হয়নি।বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবদুস সাত্তার মণ্ডল বলেন, ২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত সময়ে দেশে কৃষি মজুরি ৮০ শতাংশ বেড়েছে। ফলে খাদ্যের উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে। উপজেলা ও জেলা পর্যায়ে ওএমএস বাড়ানোর পরামর্শ দেন তিনি।কর্মশালায় ধামরাই থেকে আসা কৃষক আবদুল হাই বলেন, গত বছর এক কেজি ধান উৎপাদনে ১৫-১৬ টাকা খরচ হলেও তা ১৩-১৪ টাকায় বিক্রি করতে হয়েছে। এখন আবার যখন ধানের দাম বেড়ে ২২ টাকা হয়েছে, তখন তাদের হাতে ধান নেই।