কর্মশালায় তনুর জন্য কাঁদলেন নাট্যকর্মীরা
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের নাট্যসংগঠন ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের উদ্যোগে তিন দিনব্যাপী আয়োজিত কর্মশালায় সংগঠনের প্রয়াত নাট্যকর্মী সোহাগী জাহান তনুর জন্য কাঁদলেন সহযোদ্ধারা।
গতকাল মঙ্গলবার সকাল ১০টায় কলেজের জিয়া মিলনায়তনে কর্মশালার উদ্বোধন করেন অধ্যক্ষ মো. আবু তাহের। এ সময় উপস্থিত ছিলেন থিয়েটারের প্রধান উপদেষ্টা জহিরুল ইসলাম পাটোয়ারী। এ সময় তনুর গাওয়া ‘কালিয়া সোনারে...’ গান পরিবেশন করা হয়। তখন পুরো মিলনায়তনে পিনপতন নীরবতা বিরাজ করে।
কর্মশালায় নবীন নাট্যকর্মীদের প্রশিক্ষণ দেন অভিনেত্রী জুঁই করিম। এতে প্রশিক্ষক হিসেবে আরও উপস্থিত ছিলেন নাট্যাভিনেতা শহীদুল্লাহ সবুজ, অঞ্জন করিম ও ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের প্রতিষ্ঠাতা সভাপতি আনোয়ার হোসেন আলম। কর্মশালায় ১২০ জন নাট্যকর্মী উপস্থিত ছিলেন।
সংগঠনের সভাপতি রাশেদুল ইসলাম ও সাধারণ সম্পাদক ফারহানা আহমেদ বলেন, ‘এ সংগঠনের সঙ্গে নাট্যকর্মী তনুর নানা স্মৃতি জড়িয়ে আছে। তাই কর্মশালার আগে তাঁকে স্মরণ করেন এ প্রজন্মের নাট্যকর্মীরা। যত দিন এ থিয়েটার থাকবে, তত দিন তনুর কথা আমাদের হৃদয়ে থাকবে।’