কর্মসংস্থান কর্মসূচি শুরুর দাবিতে বিক্ষোভ
বগুড়ার শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নে ‘অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান’-এর পাঁচটি প্রকল্পের কার্যক্রম শুরুর দাবিতে গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভ করেছেন শ্রমিকেরা। উপকারভোগী দেড় শতাধিক নারী-পুরুষ শ্রমিক বিক্ষোভে অংশ নেন।
বিক্ষোভে অংশ নেওয়া ১০ জন নারী ও পুরুষ বলেন, উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে নয়টিেত এই প্রকল্পের কার্যক্রম শুরু করা হয়েছে। কিন্তু শাহবন্দেগী ইউনিয়নে প্রকল্পগুলো এখনো শুরু করা হয়নি। তাঁরা সবাই এই কর্মসূচির তালিকাভুক্ত শ্রমিক।
উপজেলার পিআইও কার্যালয় সূত্রে জানা যায়, ১০টি ইউনিয়নে ওই কর্মসূচির অধীন ১ কোটি ৪৪ লাখ টাকার ৫০টি প্রকল্প রয়েছে। উপজেলার প্রতিটি ইউনিয়নে এই কর্মসূচির বিপরীতে শ্রমিকের তালিকাও প্রস্তুত রয়েছে। ৯টি ইউনিয়নের ৪৫টি প্রকল্পের কার্যক্রম গত মাসের ৬ ফেব্রুয়ারি শুরু হয়েছে। কিন্তু উপজেলার শাহবন্দেগী ইউনিয়ন পরিষদ থেকে পাঁচটি প্রকল্পের তালিকা যথাসময়ে সংশ্লিষ্ট পিআইও কার্যালয়ে পাঠানো হয়নি। এ কারণে এই ইউনিয়নের প্রকল্পগুলোর কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি। এ ইউনিয়নের ১৭৩ জন নারী-পুরুষ কাজ থেকে বঞ্চিত হয়ে রয়েছেন।
এ বিষয়ে জানতে গতকাল শাহবন্দেগী ইউপি চেয়ারম্যান আল-আমিনের মুঠোফোনে ফোন করলেও বন্ধ পাওয়া যায়। ইউনিয়ন সচিব ইকবাল হোসেন বলেন, তাঁর চেয়ারম্যান বেশ কিছু দিন ধরে পরিষদে আসছেন না। এ জন্য ওই কর্মসূচির পাঁচটি প্রকল্প তালিকা তাঁরা প্রস্তুত করতে পারেননি। সময়মতো সংশ্লিষ্ট পিআইও কার্যালয়ে প্রকল্পগুলো জমা দেওয়া হয়নি।
বিক্ষোভে অংশ নেওয়া গড়েরবাড়ি গ্রামের নজরুল ইসলাম বলেন, শুধু ইউপি চেয়ারম্যান ও সদস্যদের সিদ্ধান্তহীনতার কারণে এ কর্মসূচির অধীন কোনো প্রকল্পের কার্যক্রম শুরু হয়নি। আরেক নারী শ্রমিক নার্গিস খাতুন বলেন, প্রকল্পগুলো শুরুর জন্য উপকারভোগী নারীরা ইউপি কার্যালয়ে একাধিকবার ধরনা দিয়েছেন। কিন্তু কোনো কাজ হয়নি।
১ নম্বর প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মাহমুদুল হাসান বলেন, চেয়ারম্যান প্রায় ছয় মাস ধরে ইউপি কার্যালয়ে না আসায় এ কর্মসূচির বিপরীতে কোনো প্রকল্পের তালিকা প্রস্তুত করা যায়নি।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোছা শামসুন্নাহার শিউলী বলেন, আগামী ৫ এপ্রিল এই কর্মসূচির অধীন উপজেলার অন্য ইউনিয়নের কার্যক্রম শেষ হবে। এ কর্মসূচির আওতায় উপজেলায় সব কটি প্রকল্প রয়েছে গ্রামীণ কাঁচা সড়কের সংস্কার, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের মাঠে মাটি ভরাটসহ জনকল্যাণমূলক জায়গায় সংস্কারমূলক কার্যক্রম। সময়মতো শাহবন্দেগী ইউনিয়নে প্রকল্পগুলো শেষ না করা গেলে প্রকল্পগুলোর বিপরীতে সরকারি বরাদ্দের ১৩ লাখ ৮৪ হাজার টাকা ফেরত যাবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম সরোয়ার জাহান বলেন, এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।