কর্মসংস্থান কর্মসূচির তালিকায় ব্যবসায়ী, সচ্ছল ব্যক্তিদের নাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়নে অতিদরিদ্র মানুষের জন্য ৪০ দিনের কর্মসংস্থান কর্মসূচি প্রকল্পের শ্রমিকদের তালিকা তৈরিতে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। দরিদ্র মানুষকে বঞ্চিত করে সংশ্লিষ্ট ব্যক্তিরা তালিকায় ব্যবসায়ী, সচ্ছল ও অবস্থাসম্পন্ন গৃহস্থ লোকজনের নাম অন্তর্ভুক্ত করছেন। ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. মস্তফা তালুকদার ৬ এপ্রিল এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অতিদরিদ্র মানুষের জন্য কর্মসংস্থান প্রকল্পের আওতায় পানপট্টি ইউনিয়নের নয়টি ওয়ার্ডে ৭০০ জন দরিদ্র ব্যক্তিকে কাজ দেওয়ার জন্য চিহ্নিত করা হয়। উপকারভোগীদের কাজের বিনিময়ে প্রতিদিন মাথাপিছু ১৪০ টাকা করে দেওয়া হবে। গত ৪ এপ্রিল ওই ইউনিয়নে প্রকল্পের কাজ শুরু হয়। মো. মস্তফা তালুকদার অভিযোগ করে বলেন, ‘পানপট্টি ইউপির ৬ নম্বর ওয়ার্ডের তুলাতলী গ্রামের দীপক দত্ত, আজিজ আকন, স্বপন দত্তসহ অনেক সচ্ছল ব্যক্তিকে শ্রমিক হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। পানপট্টি সেন্টার বাজারে দীপক দত্তের বড় ব্যবসাপ্রতিষ্ঠান আছে। তাঁরা কোনো দিন শ্রমিকের কাজ করতে যাবেন না। তাঁদেরকে তালিকায় রেখে প্রকৃত দরিদ্র মানুষকে বঞ্চিত করা হচ্ছে।’ তিনি আরও বলেন, পানপট্টি ইউনিয়নের উপকারভোগীর তালিকার ৭০০ নামের মধ্যে প্রায় ২০০ সচ্ছল ব্যক্তির নাম রয়েছে। পানপট্টি ইউনিয়নের প্রকল্প সভাপতি সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. নিজাম উদ্দিন বলেন, ‘আমার কাছে সুনির্দিষ্টভাবে কেউ অভিযোগ করেননি। তবে মৌখিক অভিযোগের ভিত্তিতে আমি প্রকল্প কমিটির সদস্যদের নিয়ে তালিকা যাচাই-বাছাই করেছি। তাতে তেমন কোনো সমস্যা পাওয়া যায়নি।’ গলাচিপার ইউএনও মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘পানপট্টি ইউনিয়নের শ্রমিকদের তালিকার অনিয়মসংক্রান্ত অভিযোগটি এখনো আমি দেখিনি। অভিযোগের সত্যতা পাওয়া গেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’