কর্মসংস্থান কর্মসূচির প্রকল্পে অনিয়মের অভিযোগ
অতিদরিদ্রদের জন্য নেওয়া ৪০ দিনের কর্মসংস্থান কর্মসূচির কাজে শরীয়তপুরে বাইরের শ্রমিক এনে চুক্তিভিক্তিক কাজ করার অভিযোগ পাওয়া গেছে। ইউনিয়ন পরিষদের সদস্যরা উপজেলা প্রশাসনের সহায়তায় প্রকল্পের অধিকাংশ টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এই প্রকল্পে ৩০ শতাংশ নারী শ্রমিকের অংশগ্রহণ নিশ্চিত করার কথা থাকলেও তাঁদের বঞ্চিত করা হয়েছে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় সূত্র জানায়, প্রকল্পে সকাল আটটা থেকে বেলা একটা পর্যন্ত কাজে শ্রমিকদের পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে ১৭৫ টাকা। সদর উপজেলার ১১টি ইউনিয়নের ৩০টি গ্রামে এই কর্মসূচি বাস্তবায়ন করার কথা। ৭৬ লাখ ৮৬ হাজার টাকা ব্যয়ে এই প্রকল্পে এক হাজার ৯৮ জন শ্রমিক কাজ করবেন। গ্রামগুলোর সংশ্লিষ্ট ইউপি সদস্য প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি নিযুক্ত হয়েছেন। সরেজমিনে দেখা গেছে, সদর উপজেলার অধিকাংশ গ্রামে স্থানীয় শ্রমিকদের কাজ না দিয়ে সাতক্ষীরা, ঝিনাইদহ ও রংপুর অঞ্চলের শ্রমিকদের অল্প পারিশ্রমিকের বিনিময়ে প্রকল্পের কাজ করানো হচ্ছে। গত শনিবার সদর উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে দেখা যায়, অধিকাংশ প্রকল্পের কাজ শেষ হয়েছে। গাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে কাঁচা রাস্তায় মাটি ফেলা হয়েছে। এই প্রকল্পে দুই লাখ তিন হাজার টাকায় ২৯ জন স্থানীয় শ্রমিকের কাজ করার কথা। কিন্তু ঝিনাইদহের শ্রমিকদের দিয়ে ৭৫ হাজার টাকা চুক্তিতে এক সপ্তাহের মধ্যে কাজটি শেষ করা হয়েছে। শৌলপাড়া ইউনিয়নের পূর্ব সারেঙ্গা গ্রামে কাঁচা রাস্তায় মাটির কাজ করা হয়েছে। সাতক্ষীরার ১৩ জন শ্রমিক ৮০ হাজার টাকা চুক্তিতে কাজটি শেষ করেছেন। এই প্রকল্পে ৩০ জন স্থানীয় শ্রমিকের জন্য দুই লাখ ১০ হাজার টাকা বরাদ্দ ছিল। গাজীপুর ও পূর্ব সারেঙ্গার মতো এমন চিত্র উপজেলার অধিকাংশ গ্রামে। গাজীপুর গ্রামের দাদন (২৮), নজরুল ইসলাম (৩৫) ও আলেয়া বেগম (৪০) বলেন, ‘সাত-আট দিন আগে এই রাস্তায় মাটি কাটার কাজ শেষ হয়েছে। ঝিনাইদহ অঞ্চলের শ্রমিকেরা এখানে মাটির কাজ করেছেন। আমাদের জানা ছিল না এই কাজ গ্রামের শ্রমিকদের দিয়ে করাতে হবে। তা হলে বাধা দিতাম।’ সাতক্ষীরার চাঁদখালী গ্রামের বাসিন্দা (মাটি কাটা শ্রমিক দলের সর্দার) শাহজাহান মিয়া বলেন, ‘শৌলপাড়া ইউনিয়নের পূর্ব সারেঙ্গা গ্রামের রাস্তাটির দুই হাজার ফুটজুড়ে মাটি ফেলার চুক্তি হয়েছে। এই কাজের জন্য আমাদের ৮০ হাজার টাকা দিয়ে মেম্বার ওহাব ঢালী চুক্তি করেছেন। আমরা ১৩ জন শ্রমিক প্রতিদিন ১০ থেকে ১২ ঘণ্টা মাটি কেটে কাজটি শেষ করেছি।’ সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুরুন্নাহার বেগম বলেন, ‘আমার দপ্তরের সব কর্মকর্তা-কর্মচারী প্রকল্পগুলো তদারকি করেন। উপজেলার সব প্রকল্প দেখার জন্য সরকার একজন সুপারভাইজার নিয়োগ দিয়েছে। সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের ইউনিয়নে তদারকি কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এই প্রকল্পে কোনো রকম অনিয়মের সুযোগ নেই।’ শৌলপাড়া ইউপির ৮ নম্বর ওয়ার্ড সদস্য ও প্রকল্প কমিটির সভাপতি ওহাব ঢালী বলেন, ‘পিআইওর কার্যালয় থেকে আমাদের মাটির কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। তারা যে পরিমাণ মাটি কাটতে বলেছে তা করতেই অল্প খরচে বাইরের শ্রমিক দিয়ে কাজ করানো হয়েছে। আমাদের বিল তুলতে যাতে অসুবিধা না হয় সে জন্য পিআইওর কার্যালয়ে নিয়মিত যোগাযোগ রাখছি।’ শৌলপাড়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খাঁ বলেন, প্রকল্পগুলো বাস্তবায়নে কোনো অনিয়ম করা হয়নি। এখানকার গ্রামগুলোতে শ্রমিক না পাওয়ায় বাইরের শ্রমিক দিয়ে কাজ করা হচ্ছে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ফেরদৌস বলেন, অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির আওতায় বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন চলছে। প্রকল্পগুলোতে কোনো অনিয়মের অভিযোগ এখনো পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।