প্রস্তাবিত জাতীয় বাজেটের কিছু দিক ভালো মন্তব্য করে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বলেছেন, জনকল্যাণে এ বাজেট ভূমিকা রাখবে না। গতকাল মঙ্গলবার সংসদের মিডিয়া সেন্টারে ২০১৫-১৬ অর্থবছরের বাজেট পর্যালোচনা করে রওশন এরশাদ এ কথা বলেন।
বিরোধীদলীয় নেতা আরও বলেন, চার কোটি লোক দারিদ্র৵সীমার নিচে বসবাস করে। এদের সম্পর্কে বাজেটে কিছু নেই। কর্মসংস্থানের নির্দেশনা নেই। কর্মসংস্থান না হলে মানুষ তো সমুদ্র পাড়ি দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে বিদেশে যাবেই। কাজ নেই বলেই ওমরা ভিসা নিয়ে সৌদি আরব গিয়ে আর ফেরে না। তিনি আরও বলেন, সরকারি কর্মচারীদের নতুন পে-স্কেল ঘোষণা করা হয়েছে। তাঁদের বেতন বাড়ার সঙ্গে সঙ্গে জিনিসের দাম বেড়ে যাবে। ভুক্তভোগী হবে জনগণ। এ বিষয়ে প্রস্তাবিত বাজেটে কোনো নির্দেশনা নেই।
রওশন এরশাদ বলেন, বাজেটের কিছু কিছু দিক ভালো। আবার কিছু বিষয় মানুষকে হতাশ করেছে। প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭ শতাংশ ধরা হয়েছে। এর জন্য দরকার দেশি ও বিদেশি বিনিয়োগ। কিন্তু বিদেশি বিনিয়োগ কোথায়? বিনিয়োগ না থাকলে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কীভাবে অর্জিত হবে? বাজেটে যে ঘাটতি রয়েছে, তা কীভাবে পূরণ হবে, সে বিষয়ে কিছু বলা হয়নি।
রওশন এরশাদ আরও বলেন, অবকাঠামো উন্নয়ন না হলে বিনিয়োগ হবে না। বিনিয়োগ বোর্ডে ফাইল গেলে পড়ে থাকে, নড়ে না। এ জন্য বিনিয়োগকারীরা হতাশ হয়ে চলে যান। গ্যাস-বিদ্যুতের উন্নয়ন হয়নি। বিনিয়োগ কীভাবে হবে? মোবাইলে কর ধরা হয়েছে। দেশের সাধারণ মানুষ মোবাইলে যোগাযোগ করে। এ করটা না ধরলে কী হতো?
সংবাদ সম্মেলনে বিরোধীদলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী, কাজী ফিরোজ রশীদ, রুহুল আমিন হাওলদার ও ফখরুল ইমাম উপস্থিত ছিলেন।