কর্মসংস্থান প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় অতিদরিদ্র ব্যক্তিদের কর্মসংস্থান কর্মসূচির কাজে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় লোকজনের অভিযোগ, নির্দিষ্ট সংখ্যার চেয়ে কম শ্রমিক নিয়োগ দিয়ে দায়সারাভাবে প্রকল্পের কাজ করানো হয়েছে। তা ছাড়া যে কয় দিন কাজ করানোর কথা, তা করানো হয়নি।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরে এই কর্মসূচির অধীনে বালিয়াকান্দির সাতটি ইউনিয়নের ১৩টি প্রকল্পে ৫৮ লাখ ৮০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। প্রকল্পের শর্ত অনুযায়ী, প্রত্যেক শ্রমিক দৈনিক ৪৫ ঘনফুট মাটি কেটে ১৭৫ টাকা মজুরি পাবেন। গত ১ এপ্রিল প্রকল্পের কাজ শুরু হয়ে ৩১ মে কাজ শেষ হওয়ার কথা। শনি থেকে বুধবার সপ্তাহে পাঁচ দিন করে মোট ৪০দিন কাজ হওয়ার কথা।৮ ও ২২ মে সদর ইউনিয়নের বিভিন্ন প্রকল্প এলাকায় গিয়ে দেখা গেছে, কাজ বন্ধ রয়েছে।বালিয়াকান্দি জনতা ব্যাংকের মোড় থেকে খোর্দ্দমেগচামী পর্যন্ত রাস্তার দুই পাশ মেরামত করার কথা। একাধিক গ্রামবাসী জানান, ১৫ থেকে ২০ দিন আগে ২০-২৫ জন লোক সাত থেকে ১০ দিনে এই রাস্তার মেরামতের কাজ করেছেন। তাঁরা কোথাও কোথাও সামান্য মাটি ফেলেছেন, কোথাও ঘাস চেঁছে সমান করেছেন।প্রকল্প কমিটির সভাপতি সান্ত্বনা বেগম দাবি করেন, ৮১ জন শ্রমিক দিয়ে কাজ করানো হচ্ছে। সরেজমিনে ২২ মে কোনো শ্রমিক পাওয়া যায়নি জানালে তিনি বলেন, শারীরিক অসুস্থতার জন্য তিনি গত দুই দিনের খবর জানেন না।২২ মে বহরপুর ইউনিয়নের বাঘুটিয়া থেকে আড়কান্দিবাজার পর্যন্ত ঘুরে দেখা গেছে, ২১৪ জনের পরিবর্তে প্রায় অর্ধশত লোক কাজ করছেন। শ্রমিকেরা জানান, তাঁরা প্রতিদিন ৩০০ টাকা মজুরিতে কাজ করছেন। প্রকল্পের সভাপতি শিরিনা বেগম দাবি করেন, নিয়ম অনুয়ায়ী ২১৪ জন শ্রমিক দিয়ে কাজ করানো হচ্ছে। কিন্তু সরেজমিনে এত লোক পাওয়া যায়নি জানালে তিনি বলেন, ‘বিষয়টি চেয়ারম্যানের সঙ্গে আলাপ করে দেখছি।’ বহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল ইসলাম জানান, ১৭৫ টাকায় শ্রমিক পাওয়া যায় না। তাই তিনি ৬৪ জন শ্রমিককে প্রতিদিন ৩০০ টাকা করে দিয়ে কাজ করাচ্ছেন। তাঁর এলাকার কাজ সবচেয়ে ভালো হচ্ছে বলে তিনি দাবি করেন।প্রকল্পের আওতায় নারুয়া ইউনিয়নের মুন্সিবাড়ি মসজিদ থেকে লস্করবাড়ি পর্যন্ত রাস্তা উন্নয়নের কথা। কিন্তু সরেজমিনে ২৩ মে কোনো শ্রমিক পাওয়া যায়নি। এলাকাবাসী জানান, প্রায় ২০ দিন আগে এই রাস্তার কাজ শেষ হয়েছে। ১৫ জনের মতো শ্রমিক এই রাস্তা মেরামতের কাজ করেছেন। প্রকল্পের সভাপতি ওয়াজেদ আলী দাবি করেন, ৩১ জন শ্রমিক রাস্তা মেরামতের কাজ করছেন। কিন্তু সরেজমিনে কোনো লোক পাওয়া যায়নি জানালে তিনি বলেন, গত দুই দিনের কাজ ছুটির দিনে করে পুষিয়ে নেওয়া হবে।২১ মে ইসলামপুর ইউনিয়নের রাজধরপুর উচ্চবিদ্যালয় থেকে বহরপুরবাজার পর্যন্ত রাস্তা ঘুরে কোনো শ্রমিক পাওয়া যায়নি। স্থানীয় লোকজন জানান, প্রায় এক মাস আগে দায়সারাভাবে কাজ শেষ করা হয়েছে। রাস্তার সব স্থানে মাটি ফেলা হয়নি। প্রকল্পের সভাপতি সংশ্লিষ্ট ইউপি সদস্য আবদুস সালাম বলেন, ‘অটোরিক্সায় আছি, একটু পরে ফোন করছি।’ কিন্তু পরে অনেকবার ফোন করলেও তিনি ফোন ধরেননি।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) কাজী আবদুল আজিজের সঙ্গে মুঠোফোনে কাজের ব্যাপারে জানতে চাইলে তিনি ফোন রেখে দেন। পরে অনেকবার তাঁর মুঠোফোনে ফোন করলেও তিনি ধরেননি।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব উল করিম জানান, কোনো শ্রমিক কাজ না করলে তাঁর টাকা ফেরত যাবে। আর সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কাজে অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।জেলা ত্রাণ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জামিরুল ইসলাম জানান, তিনি বিষয়টি তদন্ত করে দেখবেন।