কর্মসংস্থান প্রকল্পের টাকা হরিলুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনা সদর উপজেলার ১০টি ইউনিয়নে প্রায় দুই কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত অতি দরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচির ৩৯টি প্রকল্পের সিংহভাগ অর্থ সংশ্লিষ্ট ব্যক্তিরা লুটপাট করেছে বলে অভিযোগ উঠেছে। বেশির ভাগ ক্ষেত্রেই প্রকল্পের তালিকাভুক্ত শ্রমিকদের পরিবর্তে ঠিকা শ্রমিক দিয়ে নামমাত্র কাজ করিয়ে এভাবে অর্থ লোপাট করা হয়েছে।বরগুনা সদর উপজেলার পশ্চিম আমতলী গ্রামের সত্তরোর্ধ্ব বৃদ্ধ ইয়াসিন আলী, কাসেম আলী, গৃহবধূ নাজমা বেগম, তাঁর স্বামী ইসমাইল, সুফিয়া বেগম, নাজমা আক্তার, মো. বারেক, আলতাফ হোসেন, পরিতোষসহ এই এলাকার পাশাপাশি দুটি প্রকল্পের ২০০ উপকারভোগী এমন অভিযোগ করেছেন। এ ছাড়া অন্যান্য ইউনিয়নের কয়েকজন উপকারভোগী এমন অভিযোগ এনে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান বরাবরে লিখিত অভিযোগ করেছেন।সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নুসরাত জাহান প্রথম আলোকে বলেন, ‘আমি প্রায় সব প্রকল্প এলাকা ঘুরে এমন অনিয়মের অভিযোগ পেয়েছি। আমার ধারণা, ওই ৩৯টি প্রকল্পে সর্বোচ্চ ২০ লাখ টাকার কাজ হয়েছে। আর এই টাকাও তালিকাভুক্ত কোনো দরিদ্র ব্যক্তি পাননি।ভুক্তভোগীদের অভিযোগ, প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা রাস্তার কাজে নাম অন্তর্ভুক্তির কথা বলে কয়েক দিন আগে তাঁদের জাতীয় পরিচয়পত্র চেয়ে নেয়। এসব পরিচয়পত্র দিয়ে ছবি তৈরি করে তাঁদের নামে ব্যাংক হিসাব খুলে এসব টাকা তুলে নেয় সংশ্লিষ্ট ব্যক্তিরা।সদর উপজেলা পিআইও কার্যালয় সূত্র জানায়, চলতি অর্থবছরে অতিদরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচির দ্বিতীয় ধাপে বরগুনা সদর উপজেলার ১০টি ইউনিয়নে ৩৯টি প্রকল্পে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় এক কোটি ৯৫ লাখ ৮৪ হাজার টাকা বরাদ্দ দেয়। এতে তিন হাজার ৬৪ জন অতিদরিদ্র ব্যক্তি কাজের সুযোগ পাওয়ার কথা থাকলেও বাস্তবে তা পায়নি। প্রকল্পের শর্ত অনুযায়ী অতিদরিদ্র পরিবারের ব্যক্তিরা প্রকল্পে উপকারভোগী (শ্রমিক) হিসেবে প্রত্যেকে দৈনিক ৪৫ ঘন ফুট মাটি কাটার বিনিময়ে ১৫০ টাকা মজুরি পাবেন। গত এপ্রিল মাসের প্রথম সপ্তাহে প্রকল্পের কাজ শুরু হয়। ৪০ দিনে এসব প্রকল্প বাস্তবায়নের কথা থাকলেও নির্ধারিত সময়ে তা বাস্তবায়ন না হওয়ায় বর্ধিত সময়ে গত জুন মাসের মাঝামাঝি কাজ সম্পন্ন হয়।বরগুনা সদর ইউনিয়নের হেউলীবুনিয়া গ্রামে গিয়ে জানা গেছে, ‘হেউলীবুনিয়া রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় থেকে পাতাকাটা রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত রাস্তা মেরামত’ ও একই এলাকার ‘আলতাফ খানের বাড়ি থেকে পশ্চিম দিকে অবিনাশ মোক্তারের বাড়ি পর্যন্ত রাস্তা মেরামতের’ দুটি প্রকল্পে ২০০ জন উপকারভোগীর নাম তালিকাভুক্ত করা হয়। দুটি প্রকল্পে বরাদ্দ ছিল ১১ লাখ টাকা। তালিকাভুক্ত অনেক উপকারভোগী জানান, তাঁরা কেউই এ রাস্তার কাজ করেননি। এমনকি তাঁরা উপকারভোগী তাও জানতেন না।সরেজমিনে গিয়ে দেখা গেছে, হেউলীবুনিয়া রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় থেকে আমতলী কালভার্ট পর্যন্ত সামান্য কিছু মাটি ফেলে রাস্তার কাজ করা হয়েছে। এ ছাড়া দ্বিতীয় প্রকল্পটিতে একইভাবে নামমাত্র কিছু কাজ করা হয়েছে। তবে চারঘাটের পশ্চিম তীর থেকে অবিনাশ মোক্তারের বাড়ি পর্যন্ত কোনো কাজ হয়নি।এই দুটি প্রকল্পে সুবিধাভোগীর তালিকায় থাকা হেউলীবুনিয়া গ্রামের বাসিন্দা দুখী রানী, দুলু রানী, মিনি রানী, শংকর গাইন, ননী কৃষ্ণ, সঞ্জীব হাওলাদার, গোপাল হাওলাদার, মনোরঞ্জন, অরবিন্দুর অভিযোগ, তাঁরা কেউ এই রাস্তায় কাজ করেননি। এলাকাবাসী জানান, দুটি প্রকল্পের কাজ করান স্থানীয় চার নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন। তোফাজ্জল হোসেন বলেন, ‘আমি যে যথাযথভাবে কাজ করেছি, তা পিআইও সাহেব দেখে গেছেন। তালিকাভুক্ত অনেকে কাজ করতে আসেননি। কিন্তু আমি তাঁদের সম্মতি নিয়েই অন্য লেবারদের দিয়ে কাজ করিয়েছি।’ এই প্রকল্প কমিটির সভাপতি ও তদারক কর্মকর্তা উপজেলা কৃষি প্রকৌশলী আদনান আল ফারাজ খান বলেন, আমি যে কদিন সাইটে গেছি তত দিন শ্রমিকদের কাজ করতে দেখেছি। এখন তাঁরা তালিকাভুক্ত কি না তা বলতে পারব না। অনিয়ম হয়ে থাকলে তদন্ত করে আপনাদের জানাব।’এ ছাড়া নলটোনা, গৌরীচন্না, বদরখালী, এম বালিয়াতলী, বুড়িরচর, ফুলঝুরি ইউনিয়নেও এমন অনিয়মের অভিযোগ তুলেছেন ভুক্তভোগীরা। নলটোনা ইউনিয়নে মোট ১৭ লাখ ২২ হাজার টাকার চারটি প্রকল্পে ২৮৭ জন সুবিধাভোগী তালিকাভুক্ত থাকলেও বেশির ভাগ সুবিধাভোগীকে কাজে নিয়োগ করা হয়নি। এলাকার বাসিন্দা ও ভুক্তভোগীদের অভিযোগ, চারটি প্রকল্পে ঠিকা শ্রমিক নিয়োগ করে ১০-১২ দিন কাজ করিয়ে সব অর্থ তুলে নিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এসব কাজের তত্ত্বাবধান করেন। নলটোনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমগীর বিশ্বাস অভিযোগ প্রসঙ্গে বলেন, ‘বৃষ্টির কারণে কাজের মান একটু খারাপ হতে পারে। কিছু উপকারভোগী সময় দিতে পারেনি বলে অন্য শ্রমিকদের কাজে খাটাতে হয়েছে।’নলটোনা ইউনিয়নের ওই চারটি প্রকল্প কমিটির সভাপতি ও উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা তপন কুমার রায় বলেন, ‘আমি যে কয় দিন প্রকল্প এলাকায় গেছি তখন উপকারভোগীদের কাজ করতে দেখেছি।’সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রণজিৎ কুমার কর্মকার বলেন, এমন অনিয়মের কথা আমি শুনিনি। সব প্রকল্পের কাজ খুবই ভালো হয়েছে।’