কর্মসংস্থান প্রকল্পের শ্রমিক দিয়ে ব্যক্তিগত কাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার কোদালকাঠি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য নুরুল আমিন কর্মসংস্থান কর্মসূচি প্রকল্পের শ্রমিক দিয়ে নিজের পুকুরের পাড় ভরাট করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউপির সদস্য রমেশ চন্দ্র একই প্রকল্পের শ্রমিক দিয়ে নিজের জমির ধান কাটিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

রাজীবপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় থেকে জানা গেছে, চলতি বছরে ৪০ দিনের কর্মসংস্থান কর্মসূচির আওতায় নুরুল হকের বাড়ি থেকে জবেদ ডাক্তারের বাড়ি পর্যন্ত সড়কে মাটি কাটার জন্য একটি প্রকল্প গ্রহণ করা হয়। সেখানে নুরুল আমিনের অধীনে ৩৫ জন শ্রমিক কাজ করছেন। গত সোমবার সরেজমিনে দেখা গেছে, প্রকল্পের শ্রমিকেরা পাইকানটারি গ্রামে নুরুল আমিনের ভেঙে যাওয়া পুকুরের পাড় ভরাট করছেন।

এ ব্যাপারে নুরুল আমিন বলেন, ‘আমার পুকুরের পাড় ভরাট করা হলেও এটি বেড়িবাঁধ হিসেবে ব্যবহূত হবে। এতে এলাকাবাসী উপকৃত হবে। আমার পুকুর ছাড়াও অন্য পাশের মানুষও মাছের চাষ করতে পারবে। আবার বন্যার সময় গ্রামবাসী যাতায়াতও করতে পারবে।’

কোদালকাঠি ইউপির চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, পুকুরটি কার সেটা দেখার বিষয় নয়। এটি একটি বেড়িবাঁধ। রাজিবপুর উপজেলার পিআইও মো. সিরাজুদ্দৌলা বলেন, ঘটনাটি তাঁর জানা নেই। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

তারাগঞ্জ পিআইওর কার্যালয় থেকে জানা গেছে, চলতি বছর কর্মসংস্থান কর্মসূচির দ্বিতীয় পর্যায়ের কার্যক্রম গত ২০ মে থেকে শুরু হয়েছে। এ কর্মসূচির আওতায় উপজেলার পাঁচটি ইউনিয়নে মোট দুই হাজার ৯৫ জন শ্রমিক নিয়োগ দেওয়া হয়েছে। ইকরচালী ইউপির অধীনে এ কর্মসূচির ৩৯৯ জন শ্রমিক নয়টি ভাগে বিভক্ত হয়ে বিদ্যালয়, মসজিদ, মাদ্রাসা ও রাস্তায় মাটি ভরাটের কাজ করছেন।

ইউপির সদস্য রমেশ চন্দ্র তাঁর ওয়ার্ডে নিয়োগপ্রাপ্ত ১৭ জন শ্রমিক দিয়ে গত মঙ্গলবার থেকে নিজের জমির ধান কাটার কাজ করাচ্ছেন। গতকাল দুপুরে শ্রমিক আসাদুজ্জামান বলেন, ‘মেম্বার ধান কাটার শ্রমিক না পেয়ে আমাদের অনুরোধ করেছেন, তাই তাঁর ধান কাটার কাজ করা হয়েছে।’ এ ব্যাপারে রমেশ চন্দ্র বলেন, ‘ওরা কাজের ফাঁকে অবসর সময় (বিরতির সময়) ধান কাটার কাজ করেছে, এতে অন্যায় কী?’

কর্মসংস্থান কর্মসূচির মাঠ পরিদর্শক মাহমুদুল হক বলেন, অভিযোগের সত্যতা পাওয়া গেছে। ওই ১৭ জন শ্রমিককে হাজিরা খাতায় মঙ্গলবার অনুপস্থিত দেখানো হয়েছে। পিআইও রেফাউল আজম বলেন, খুব শিগগিরই ওই ইউপি সদস্যের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।