বান্দরবানে গড়ে প্রতিবছর ৩ দশমিক ৮৮ শতাংশ আর্থিক প্রতিষ্ঠান ও ৪ দশমিক ৭৬ শতাংশ কর্মসংস্থান বাড়ছে। তবে অর্থনৈতিক প্রতিষ্ঠান উন্নয়নের অংশগ্রহণে ও কর্মসংস্থানে নারীরা অনেক পিছিয়ে রয়েছে। গত ১০ বছরে কর্মসংস্থান হওয়া জনশক্তির ৮৮ দশমিক ৭৪ শতাংশ পুরুষ ও ১১ দশমিক ২৬ শতাংশ নারী।
বান্দরবান জেলার অর্থনৈতিক শুমারি-২০১৩ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। গত ২৭ ডিসেম্বর জেলা প্রশাসক কার্যালয় মিলনায়তনে এই প্রতিবেদন প্রকাশ করা হয়। এই উপলক্ষে জেলা প্রশাসন ও পরিসংখ্যান অধিদপ্তর আয়োজিত সেমিনারে অতিথি ছিলেন পরিসংখ্যান অধিদপ্তরের পরিচালক মনিরুজ্জামান, আঞ্চলিক পরিষদ সদস্য শফিকুর রহমান, সহকারী পুলিশ সুপার ইয়াসির আরাফাত, বান্দরবান সদর উপজেলা চেয়ারম্যান আবদুল কুদ্দুস। সেমিনারে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মফিদুল আলম। এতে সরকারি বিভিন্ন বিভাগের কর্মকর্তারা ছাড়াও সাংবাদিক ও উন্নয়নকর্মীরা ছিলেন।
জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক জাহাঙ্গীর আলম জেলার অর্থনৈতিক শুমারি প্রতিবেদন তুলে ধরেন। প্রতিবেদনে ২০০৩ ও ২০১৩ সালে জেলার অর্থনৈতিক প্রতিষ্ঠান উন্নয়ন ও কর্মসংস্থান বৃদ্ধির তুলনামূলক চিত্র তুলে ধরা হয়।
এতে বলা হয়েছে, ২০০৩ সালে জেলায় ১০ হাজার ৫৪৪টি আনুষ্ঠানিক-অনানুষ্ঠানিক অর্থনৈতিক প্রতিষ্ঠান ছিল। ২০১৩ সালে প্রতিষ্ঠানের সংখ্যা বেড়ে ১৬ হাজার ১৪৯ হয়। এ প্রতিষ্ঠানগুলোতে ২০০৩ সালের ৩৮ হাজার ৩৭৭ জনের কর্মসংস্থান হয়। অপর দিকে, ২০১৩ সাল নাগাদ কর্মসংস্থান হয় ৬৪ হাজার ৭৫৪ জনের। প্রতিষ্ঠানগুলো ক্ষুদ্র ও মাঝারি শিল্প হওয়ায় কাঙ্ক্ষিত মাত্রায় কর্মসংস্থান বাড়ছে না। তবে প্রতিবেদনে জেলায় বেকারত্বের হার সম্পর্কে উল্লেখ করা হয়নি।
প্রতিবেদনে আরও বলা হয়েছে ভালো দিক হচ্ছে, অর্থনৈতিক প্রতিষ্ঠান উন্নয়ন ও কর্মসংস্থান বৃদ্ধিতে শহরের চেয়ে গ্রাম এলাকা এগিয়ে আছে। শুমারির তথ্য অনুযায়ী, ১০ বছরে (২০০৩ থেকে ২০১৩) শহরের ৩৯ দশমিক ৪৯ শতাংশ প্রতিষ্ঠান বেড়েছে। নারীর কর্মসংস্থান বেড়েছে ১০ দশমিক ২৪ শতাংশ।
অপর দিকে পল্লি এলাকায় ৬০ দশমিক ৫১ শতাংশ প্রতিষ্ঠান বেড়েছে, আর সেসব প্রতিষ্ঠানে ১২ শতাংশ নারীর কর্মসংস্থান হয়েছে। প্রতিবেদনে অর্থনৈতিক খানা বা পরিবারে অবৈতনিক কর্মসংস্থান সাড়ে ৩৭ শতাংশ বলে উল্লেখ করা হয়েছে। সবচেয়ে বেশি কর্মসংস্থান হয়েছে উৎপাদন, শিক্ষা, দোকানপাট, সেবাখাতসহ আনুষ্ঠানিক-অনানুষ্ঠানিক খাতে।