কৃষিভিত্তিক শিল্প ও আইটি ভিলেজ প্রতিষ্ঠা করে কর্মসংস্থান সৃষ্টি এবং মাদক নিয়ন্ত্রণ করে তরুণসমাজকে খেলাধুলা ও সংস্কৃতিমুখী করার অঙ্গীকার করেছেন রাজশাহীর সিটি করপোরেশন নির্বাচনের তিন মেয়র পদপ্রার্থী। গত শুক্রবার রাতে বিবিসির নির্বাচনী সংলাপে তাঁরা এ অঙ্গীকার করেন। বাংলাদেশ নির্বাচন কমিশনের উদ্যোগে বিবিসি বাংলা এবং বিবিসি মিডিয়া অ্যাকশন যৌথভাবে এ নির্বাচনী সংলাপের আয়োজন করে। নগরের মেডিকেল কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত সংলাপে অংশ নেন সদ্য সাবেক মেয়র ও নাগরিক কমিটির প্রার্থী রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ এইচ এম খায়রুজ্জামান, সম্মিলিত নাগরিক ফোরামের প্রার্থী ও রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মোসাদ্দেক হোসেন এবং সচেতন নাগরিক সমাজের প্রার্থী হাবিবুর রহমান। সংলাপ চলাকালে দর্শক সারি থেকে পাঁচটি প্রধান প্রশ্ন নেওয়া হয়। প্রতিটি প্রশ্নের সঙ্গে তিনটি করে সম্পূরক প্রশ্ন করার সুযোগ পান দর্শক। প্রশ্নগুলো করেন শওকত শহীদুল ইসলাম, মোহাম্মদ রুবেল, সামিদা খাতুন, রুমানা আহমেদ ও স্মৃতি সারোয়ার। প্রশ্নগুলো ছিল আর্থিক উন্নয়নের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, পয়োনিষ্কাশনব্যবস্থা ও জলাবদ্ধতা, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ভর্তির আসন সংকট, মাদক সমস্যা ও সিটি করপোরেশনের পক্ষ থেকে টাউন সার্ভিস বাস চালু করা প্রসঙ্গে। তিন মেয়র পদপ্রার্থীই কৃষিভিত্তিক শিল্পকারখানা ও আইটি ভিলেজ স্থাপনের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির অঙ্গীকার করেন। মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে শিক্ষার্থীদের ক্রীড়া ও সংস্কৃতিমুখী করার জন্য যা যা দরকার, তা করার অঙ্গীকার করেন। এর সঙ্গে ছিল সম্পূরক প্রশ্ন। সম্পূরক প্রশ্নের মধ্যে উল্লেখযোগ্য ছিল মোসাদ্দেক হোসেনের কাছে করা প্রশ্নটি। একজন নারী এ প্রশ্নটি করেন। তা হলো হেফাজতে ইসলাম মোসাদ্দেককে সমর্থন দিয়েছে, নির্বাচিত হলে তিনি হেফাজতের ১৩ দফা বাস্তবায়ন করে নারীদের অবরুদ্ধ করবেন কি না। জবাবে মোসাদ্দেক বলেন, কেউ বাইরে থেকে তাঁকে সমর্থন দিতে পারে। তারা তাঁদের দলের বা ১৮-দলীয় জোটের কেউ নয়। এ জন্য তিনি হেফাজতের ১৩ দফা বাস্তবায়ন করতে যাবেন না। টাউন সার্ভিস চালুর ব্যাপারে মোসাদ্দেক হোসেন আশ্বাস দিয়েছেন। আর খায়রুজ্জামান আগে হাজার হাজার রিকশা ও অটোরিকশাচালকের বিকল্প কর্মসংস্থান সৃষ্টি করে টাউন সার্ভিস চালুর পক্ষে মত দেন।