যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার বলেন, প্রতারণার মাধ্যমে দরিদ্র ও অসহায় লোকজনকে সমুদ্রপথে বিদেশ পাচার করছে একশ্রেণির লোক। এ ঘটনায় দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে মানব পাচার রোধ করতে হবে।
গতকাল সোমবার দুপুরে কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে মানব পাচার রোধ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। যুব উন্নয়ন অধিদপ্তর এ কর্মশালার আয়োজন করে।
জেলা প্রশাসক মো. আলী হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন কক্সবাজারের সাংসদ আবদুর রহমান বদি, সাইমুম সরওয়ার, যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক আনোয়ারুল করিম, পুলিশ সুপার শ্যামল কুমার নাথ প্রমুখ।
কর্মশালায় আরও বক্তব্য দেন কক্সবাজার সিভিল সোসাইটির সভাপতি আবু মোর্শেদ চৌধুরী, টেকনাফ উপজেলা পরিষদ চেয়ারম্যান জাফর আহমদ, মুক্তিপণ দিয়ে থাইল্যান্ড থেকে ফিরে আসা রামুর দারিয়ারদীঘি গ্রামের কিশোর আবদুল্লাহ আল মামুন প্রমুখ। এর আগে মানব পাচার প্রতিরোধে একটি শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।